বার্সেলোনার জন্য চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব সোনার হরিণে রূপ নিয়েছিল। গ্রুপ পর্ব পার হওয়া তাদের জন্য পাহাড়সম কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। সাবেক চ্যাম্পিয়ন দলটি গত দুই মৌসুমেই গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছে। অবশেষে নক আউট পর্বের দেখা পেয়েছে ক্লাবটি। এবার অবশ্য এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে নিজেদের মাঠের খেলায় পিছিয়ে পড়েও এফসি পোর্তোর বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।
বার্সেলোনা শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে কি-না তা সময় বলে দেবে। তবে ‘এইচ’ গ্রুপ থেকে তারা যে শীর্ষ দুই দলের একটা হচ্ছে তা নিশ্চিত হয়েছে। ৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১২। এফসি পোর্তো ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শেষ ম্যাচে বার্সেলোনা না হারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তবে লড়াইটা জমেছে এফসি পোর্তো এবং শাখতার দোনেৎস্কের মধ্যে। উভয় দলেরই পয়েন্ট ৯। শেষ ম্যাচে তারা একে অপরের মুখোমুখি হবে। এ ম্যাচের জয়ী দলই বার্সেলোনার সঙ্গী হয়ে নক আউট পর্বে যাবে।
মঙ্গলবার রাতে বার্সেলোনাকে কঠিন পরীক্ষায় মুখে ফেলেছিল পোর্তো। একের পর এক আক্রমণ করে বার্সেলোনাকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। প্রথমার্ধে তার ফলও তারা ঘরে তোলে। ৩০ মিনিটে পেপে গোল করে পোর্তোকে এগিয়ে নেন। বেশিক্ষণ অবশ্য বার্সেলোনাকে অস্বস্তিতে থাকতে হয়নি। মাত্র দুই মিনিট পরেই হোয়াও ক্যানসেলোর গোলে স্বাগতিক দল সমতা ফিরিয়ে আনে।
৪৩ মিনিট পোর্তো আবার এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল। খুব কাছ নেওয়া পোর্তোর গালেনোর শট এক হাতে কোনোমতে বাইরে পাঠিয়ে দেন বার্সা গোলরক্ষক পেনা। তবে ৫৭ মিনিটে হোয়াও ফেলিক্স গোল করে বার্সার জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে ক্যানসেলো বলেন, আমাদের জন্য এ ম্যাচটা ছিল ফাইনাল ম্যাচ। আমরা এটা জিতেছি। এটাই গুরুত্বপূর্ণ। যখন কোনো দল জয় পায় না, তখন আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়। আমরা শেষ ষোলোতে পৌঁছেছি। আর এটা আমাদের ক্লাবের প্রাপ্য।
