অশ্রুসিক্ত চোখে মোনাকোতে নতুন সূচনা পল পগবার

দীর্ঘ নিষেধাজ্ঞার পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবা। ফরাসি লিগ ওয়ানের ক্লাব এএস মোনাকোর সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে আবেগঘন মুহূর্তে চুক্তিতে সই করতে দেখা যায় তাকে।

২০২৩ সালের আগস্টে ডোপ টেস্টে উচ্চমাত্রার টেস্টোস্টেরনের প্রমাণ মেলায় পগবার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চার বছরের নিষেধাজ্ঞা পায় তিনি। তবে পগবা দাবি করেন, তিনি কোনো অপরাধ করেননি এবং এই শাস্তির বিরুদ্ধে আপিল করেন। আপিলে শাস্তি কমে ১৮ মাসে দাঁড়ায় এবং চলতি বছরের মার্চে সেই নিষেধাজ্ঞা শেষ হয়।

ফুটবল থেকে দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকা এই মিডফিল্ডার চুক্তির পর বলেন, “গত দুই বছর আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। ফুটবল ছাড়া আমি যেন অসম্পূর্ণ ছিলাম। মোনাকো আমাকে আবার স্বপ্ন দেখতে দিয়েছে। এখন শুধু মাঠে ফিরতে চাই এবং সবার সামনে প্রমাণ করতে চাই, আমি এখনও শেষ হয়ে যাইনি।”

চুক্তি সইয়ের সময় মোনাকোর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চোখে পানি নিয়ে সই করছেন পগবা। ভিডিওটির ক্যাপশনে লেখা, “পল পগবার জন্য এক আবেগঘন মুহূর্ত।”

মাঠে ফিরতে প্রস্তুত পগবা এখন শুধু অপেক্ষায় আছেন নিজের হারানো ছন্দ ফিরে পাওয়ার। তাঁর নতুন যাত্রা কতটা সফল হয়, তা সময়ই বলে দেবে।

Exit mobile version