এশিয়া কাপের আগে আরও একটি সিরিজ জিততে মাঠে নামছে টাইগাররা। এ ম্যাচে জিতলেই হ্যাটট্রিক টি-টোয়েন্টি সিরিজ জয়। এর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লিটন দাসের দল।
ডাচদের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ জিতেলেই সিরিজ জিতে নেবে লিটন দাসের দল।
ফলে ম্যাচটি টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে নেদারল্যান্ডসের জন্যও সমান গুরুত্বপূর্ণ। কেননা সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়লাভের কোনো বিকল্প নেই। রায়ান কুকের দল সেটা নিশ্চিতভাবে চাইবে। জয় নিয়ে নোয়া ক্রোস বলেন, ‘অবশ্যই ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আমরা বিশ্বাস করি আমরা পরের দুই ম্যাচ ভালো করব এবং ২-১ এ সিরিজ জিতব।’
তবে টানা দ্বিতীয় ম্যাচ জিততে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। একাদশ নিয়ে সুস্থ প্রতিযোগিতার বিষয়ে কোচ সালাউদ্দিন বলেছেন, ‘দলের যে অবস্থা এখানে স্বাস্থ্যকর প্রতিযোগিতা আরও বাড়তে পারে। আমাদের নিজস্ব চিন্তাভাবনা, অনেক সময় আমরা হয়ত মনে মনে চাই যে আরেকজন যেন পারফর্ম না করতে পারে। আমরা চাচ্ছি এমন চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে।’
সব মিলে আজই সিরিচ নিশ্চিত করতে তিন পরিবর্তন নিয়ে নামতে পারে বাংলাদেশ। তেমনটি হলে ওপেনিংয়ে থাকছেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। ওয়ানডাউনে অধিনায়ক লিটন দাস। আর চারে থাকছে সাইফ হাসাান।
পাঁচে তাওহিদ হৃদয় আর ছয়ে জাকের আলী। সাতে রিশাদ হোসেন। তবে আট নম্বরে আসছে পরিবর্তন। মেহেদী হাসানের পরিবর্তে একাদশে ফিরতে পারেন নাসুম আহমেদ। এছাড়া তাসকিনকে বিশ্রাম দিয়ে একাদশে ফিরতে পারেন সাইফউদ্দিন কিংবা তানজিম হাসান সাকিব।
