বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কি? এমন প্রশ্ন করা হলে অধিকাংশ ক্রীড়াপ্রেমীর উত্তরই হবে “ক্রিকেট” । তবে যেই খেলা নিয়ে আমাদের এতো আবেগ, সেখানে অর্জনের পাল্লাটা একদমই হালকা। ক্রিকেট ইতিহাসে হাতেগোনা কিছু সিরিজ জয় আর মাঝে-মধ্যে বড় দলগুলোকে চমকে দেয়া ছাড়া বলার মতো আর কিছুই নেই আমাদের। তাঁর মাঝে আবার অপ্রাপ্তি- লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়।
বাংলাদেশ এখনো শ্রীলঙ্কার বিপক্ষে কোনো টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি। এখন পর্যন্ত ১৫ বার দেখায় ৫ বার জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তবে কোনো সিরিজেই বিজয়ীর শিরোপা হাতে নিতে পারেনি টাইগাররা। আজ আবারো সুযোগ থাকবে সেই তৃপ্তির স্বাদ নেয়ার।
টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো সিরিজ হারানোর সুযোগের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় রয়েছে দুই দল। সাকিব-তামিমরা গত দেড় যুগে যা করে দেখাতে পারেননি তাই আজ করে দেখানোর সুযোগ পাবে শান্ত-জাকিররা।
শিরোপা নির্ধারণী ম্যাচে আজ বাংলাদেশ একাদশে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে। কারণ এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এসে নিজেদের উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না বাংলাদেশ।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ
লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
