আফগানদের হারাতে ১৫২ রানের টার্গেট পেল বাংলাদেশ

আফগানদের হারাতে ১৫২ রানের টার্গেট পেল বাংলাদেশ

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজেও আফগানদের বিপক্ষে বল হাতে উজ্বল বাংলাদেশের বোলাররা। গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের ২০ ওভারে ৯ উইকেটে আফগানদের ১৫১ রানে থামিয়ে দেয় টাইগাররা। শারজায় এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ঝড় তোলে আফগান দুই ওপেনার।

পেসার তাসকিন আহমেদের করা প্রথম ওভারেই তিন বাউন্ডারিতে ১২ রান নিয়েছেন ইব্রাহিম জাদরান। তবে দ্বিতীয় ওভারে স্পিনার নাসুম আহমেদ দেন মাত্র ৪ রান। ওভারের চতুর্থ বলে নাসুমের হাতে একটা ক্যাচও গিয়েছিল। তবে হাতে জমাতে পারেননি নাসুম। ২ ওভারে বিনা উইকেটে ১৬ রান তোলে আফগানিস্তানরা। এরপর ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে দলকে প্রথম উইকেট এনে দেন নাসুম আহমেদ। তাঁর বিষাক্ত স্পিনে বোল্ড  ইব্রাহিম। ১০ বলে ১৫ রান করেন এই আফগান ওপেনার।

পঞ্চম ওভারে বোলিংয়ে এসেই পেসার তানজিম হাসান সাকিব তুলে নেন সেদিকুল্লাহ আতালের উইকেট। ১২ বলে ১০ রান করে ইমনের হাতে ক্যাচ দেন এই ব্যাটার। দলীয় ৩১ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তানরা। এরপর স্কোর বোর্ডে কোন রান যোগ না করেই তৃতীয় উইকেট হারায় তারা। মোস্তাফিজের বলে রান আউট ডারইউস রাসূলী। ২ বলে শূন্য রানে আউট হন তিনি। পাওয়ার প্লের ছয় ওভারে আফগানদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৩।

এবার আফগান শিবিরে আঘাত হানেন স্পিনার রিশাদ হোসেন। ৪ বলে ১ রান করে শামীম হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ ইশহাক। ৮ ওভার শেষে ৪ উইকেটে আফগানিস্তান তোলে ৪৫ রান। চার উইকেট হারানোর পর ওপেনার রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন আজমতউল্লাহ ওমরজাই।

ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে এসে রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ৩৩ রানের জুটি ভেঙেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের ঝুলিয়ে দেওয়া বলে লোভ সামলাতে পারেননি ওমরজাই। ছক্কার আশায় লং অনে ক্যাচ দেন তানজিম হাসানের হাতে। ৭৩ রানে ৫ উইকেট হারাল আফগানিস্তান। ওমরজাই ১৮ বলে ১৮ রান করেন।

এবার গুরবাজের সঙ্গে ব্যাটিংয়ে নামেন অভিজ্ঞ মোহাম্মদ নবী। শেষ দিকে ভয়ংকর হয়ে ওঠার আগেই গুরবাজকে ফেরান সাকিব। ১৫তম ওভারে অফ স্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে কাভারে রিশাদ হোসেনের ক্যাচ হয়েছেন আফগান ওপেনার। ৩১ বলে ৪০ রান করা গুরবাজ বিদায় নেন ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে। ১৪.৫ ওভারে ৬ উইকেটে আফগানদের দলীয় রান তখন ৯৫। দলের বিপদে শেষ দিকে মোহাম্মদ নবী ব্যাটিংয়ে ঝড় তোলেন। এবার নবীকে বিদায় করেন তাসকিন আহমেদ। ছক্কার আশায় রিশাদের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন নবী।

২৫ বলে এক বাউন্ডারি ও চার ছক্কায় ৩৮ রান করেন ৪০ বছর বয়সী এই আফগান তরকা। পরের ওভারে আফগান অধিনায়ক রশিদ খানকে ফেরান মোস্তাফিজ। ২ বলে ৪ রান করে ফেরেন এই আফগান অলরাউন্ডার। শেষ পর্যন্ত শরফুদ্দিন আশরাফ ১২ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। ফলে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান তোলে আফগানরা। বল হাতে রিশাদ, তানজিম হাসান সাকিব দুটি করে উইকেট নেন। এছাড়া তাসকিন,নাসুম ও মোস্তাফিজ একটি করে উইকেট নেন।

Exit mobile version