আবেগ নয়, যুক্তি ও চিন্তা করেই এশিয়া কাপের পরিকল্পনা করছে-লিপু

আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াডে রয়েছে একাধিক চমক। এশিয়া কাপ টি-টোয়েন্টির জন্য নুরুল হাসান সোহান ও সাইফ হাসানকে ফেরানো হয়েছে। তবে বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ, নাঈম শেখরা। দল ঘোষণার একদিন পর শনিবার সংবাদ সম্মেলনে হাজির হন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

এশিয়া কাপে কি চ্যাম্পিয়ন হতে পারবে বাংলাদেশ দল? এমন প্রশ্নে লিপু বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আমাদের আবেগ জড়িত। আবেগাক্রান্ত হলে আপনাকে সবসময় ইতিবাচক থাকতে হবে। আবেগের ওই জায়গা থেকে এবং ইতিবাচক চিন্তা থেকে আমিও আশা করি, বাংলাদেশ (এশিয়া কাপের) চ্যাম্পিয়ন হবে। তবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এবং যুক্তি দিয়ে চিন্তা করে দেখতে হবে, কোথায় দাঁড়িয়ে আছি। সেটা অর্জন করার জন্য পথ কতটা সুগম বা দুর্গম। যেখানে কতটা চ্যালেঞ্জ আছে।’

অতীতে এশিয়া কাপের ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ দলের। পরে প্রধান নির্বাচক উল্লেখ করেন এবং জানান যে বাংলাদেশের ফাইনালে খেলার সুযোগ আছে। তবে ধাপে ধাপে খেলার পরামর্শও দেন তিনি। মাঠে কেউ কাউকে ছেড়ে দেবে না বলেও উল্লেখ করেন লিপু।

প্রধান নির্বাচক বলছিলেন, ‘বিশ্বকাপে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। আবার আফগানিস্তানের সঙ্গে পারিনি। এ দুটো দলই এশিয়া কাপে আমাদের গ্রুপে আছে। আবেগ দিয়ে কথা না বলে যুক্তি দিয়ে কথা বলা উচিত। মাঠে কেউ কাউকে ছেড়ে দেবে না।’

Exit mobile version