এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা শেষ হলেও দেশে ফিরছেনা টাইগাররা। গত বৃহস্পতিবার দুবাইয়ে অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে আশা জাগিয়েছিল বাংলাদেশ।
তবে ১৩৬ রান তাড়া করতে পারেননি জাকের আলীরা, ম্যাচ হেরেছেন ১১ রানে। যার ফলে হাত ফসকে বেরিয়ে গেছে ফাইনালে খেলার স্বপ্ন। তবে মহাদেশীয় আসর থেকে বিদায়ঘণ্টা বেজে গেলেও বাংলাদেশ দল ঢাকায় আসছে না।
আগে থেকেই নির্ধারিত সিরিজ খেলতে রয়ে গেছে আমিরাতেই। আগামী অক্টোবরের শুরুতেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ২৮ সেপ্টেম্বর ফাইনালে মাঠে নামবে পাকিস্তান ও ভারত।
সেই ফাইনালের ৫ দিন পরই আমিরাতে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের দুই সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে আগামী ২ অক্টোবর। এরপর ৩ ও ৫ অক্টোবর হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি।
এরপর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজ। ম্যাচ তিনটি হবে যথাক্রমে– ৮, ১১ ও ১৪ অক্টোবর। এশিয়া কাপের গ্রুপপর্বে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশ আফগানদের ৮ রানে হারিয়ে টিকিয়ে রেখেছিল শেষ চারের আশা। এবার দুই দল মুখোমুখি হবে দ্বিপাক্ষিক সিরিজে।
