দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়ে জাতীয় দলে দাপট দেখানোর পর সেই ধার ক্লাব ফুটবলেও বজায় রাখলেন আর্লিং হালান্ড। নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের জোড়া গোলে এভারটনকে হারিয়ে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। একই রাতে ফুলহামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে আর্সেনাল, আর নটিংহাম ফরেস্টের হারে চাকরি হারিয়েছেন দলের কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু।
শুক্রবার (১৮ অক্টোবর) ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হালান্ডের জোড়া গোলে এভারটনকে ২-০ ব্যবধানে হারায় সিটি। নিষ্প্রভ প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি, হালান্ডও ছিলেন বেশ নিস্তেজ। তবে দ্বিতীয়ার্ধে নিজের পরিচিত রূপে ফিরে আসেন এই গোলমেশিন। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুটি গোল করে দলকে জয়ের পথে নিয়ে আসেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
৫৮ মিনিটে নিকো ও’রাইলির ক্রস ধরে ডি-বক্সের বাইরে থেকে শক্তিশালী হেডে দলকে এগিয়ে নেন হালান্ড। এই নিয়ে প্রিমিয়ার লিগে টানা ছয় ম্যাচ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে জালের দেখা পেলেন তিনি। কিছুক্ষণ পর সাভিনিওর কাটব্যাক থেকে বাঁ পায়ের শটে আবারও গোল করেন হালান্ড। যদিও বলটি এভারটনের ডিফেন্ডার জেমস তারকোফস্কির গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে।
ম্যাচের প্রথম ভাগে গোলের সুযোগ ছিল এভারটনেরই বেশি। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত খেসারত দিতে হয়েছে ডেভিড ময়েজের দলকে। ম্যাচের শেষ দিকে আত্মঘাতী গোলের হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় তারা—জেইক ও’ব্রায়েনের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ম্যাচের বাকি সময় নিয়ন্ত্রণে রেখে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে সিটি।
এই জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছিল পেপ গার্দিওলার দল। তবে রাতের পরের ম্যাচে ফুলহামের মাঠে ১–০ ব্যবধানে জিতে ফের শীর্ষস্থান দখল করে নেয় আর্সেনাল। দলের একমাত্র গোলটি করেন লিয়ান্দ্রো ত্রোসার্ড। আট ম্যাচে পঞ্চম জয় তুলে নিয়ে সিটির পয়েন্ট এখন ১৬, সমান ম্যাচে আর্সেনালের সংগ্রহ ১৯ পয়েন্ট।
