আরো এক বছর বিরতিতে তামিম ইকবাল

গুঞ্জন ছিলো চলতি বছরেই জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। ধারণা করা হচ্ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)- এর সাথে বৈঠক শেষে নিজের ফেরার সিদ্ধান্তের কথা জানাবেন তামিম। তবে এখনই জাতীয় দলে ফেরা হচ্ছে না দেশসেরা এই ওপেনারের। জানা গেলো, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বড় বিরতিতে যাচ্ছেন তিনি।

গতকাল ক্রিকেট বোর্ডের সাথে বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল খান। সেখানে উপস্থিত ছিলেন দুই বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুস। সেখানেই নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তামিম। জানিয়ে দিয়েছেন চলতি বছরে জাতীয় দলের জার্সিতে খেলবেন না তিনি।

তবে এরপরে ঠিক কবে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ফিরবেন তা এখনো জানা যায়নি। যদিও তিনি বার্তা দেন যে, আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে তিনি ‘ফিরলেও ফিরতে’ পারেন- এই ব্যাপারটাও নিশ্চিত নয়।

বোর্ড পরিচালকরা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে তামিমের সিদ্ধান্ত জানিয়ে দিবেন বলে জানা গেছে। এমতাবস্থায় বোর্ড কী সিদ্ধান্ত নিবে তা জানা এখন সময়ের অপেক্ষা।

Exit mobile version