আরো এক রেকর্ড হালান্ডের

ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড আরো একটা কীর্তি গড়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম ৫০ গোল করার রেকর্ড গড়েছেন তিনি। ৪৮ ম্যাচে ৫০ গোল করার এই কীর্তি গড়েছেন হালান্ড।

শনিবার রাতে লিভারপুলের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠের খেলায় আগে গোল করেও তারা পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

২৭ মিনিটে আলিং হালান্ডের গোলে ম্যানচেস্টার সিটি এগিয়ে গিয়েছিল। কিন্তু ৮০ মিনিটে আলেক্সান্ডার আর্নল্ড গোল করে লিভারপুলকে ম্যাচে ফিরিয়ে আনেন। সে সঙ্গে মূল্যবান এক পয়েন্টও অর্জন করে দলটি।

নাথান অ্যাকের কাছ থেকে বল পেয়ে হালান্ড গোলটি করেন। এটি ছিল প্রিমিয়ার লিগে তার ৫০তম গোল। মাত্র ৪৮ ম্যাচে তিনি এ কীর্তি গড়েন। এর আগে সবচেয়ে দ্রুততম ৫০ গোল করার রেকর্ড ছিল অ্যান্ড্রু কোলের। ৫০ গোল করতে তাকে ৬৫ ম্যাচ খেলতে হয়েছিল। ২৩ বছর বয়সী হালান্ড এ রেকর্ড গড়তে আরো পেছনে ফেলেছেন অ্যালান শিয়েরার, রুদ ফন নিস্তেলরয়, ফার্নান্ডো টরেস ও মোহাম্মদ সালাহকে।

ম্যাচের শুরু থেকেই লক্ষ্য পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছিলেন হালান্ড। গত বছর অবশ্য কাজটা অনেকখানি এগিয়ে রেখেছিলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। গত মৌসুমে তিনি ৩৬ গোল করেছিলেন। প্রিমিয়ার লিগের প্রথম মৌসুমে ৩৬ গোলও একটা রেকর্ড।

২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন হালান্ড। দলে যোগ দেওয়ার পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। দলের অন্যতম তারকা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গত বছর ম্যানসিটির হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জয় করেছেন। নিজেকে ব্যালন ডি অর জয়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবেও দাঁড় করিয়েছিলেন।

হালান্ডের সামনে এখন ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লক্ষ্য। যেভাবে এগুচ্ছেন তিনি সেভাবে এগুতে পারলে খুব বেশিদিন অপেক্ষায় থাকতে হবে না তাকে। বর্তমানে এ কীর্তিটা অ্যালান শিয়েরারের। ১২৪ গোল তার।

Exit mobile version