বেধড়ক পিটুনি খেয়ে রেকর্ডবুকে রশিদ খান

বল হাতে সময়টা ভালো কাটছে না আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের। সর্বশেষ আইপিএলে রশিদ ছক্কা হজম করেন ৩৩টি। টুর্নামেন্টের ইতিহাসে এক মৌসুমে এত ছক্কা আর কেউ হজম করেননি। এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দ্য হানড্রেড-এর ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়লেন আফগান এই কিংবদন্তি।

কাল বার্মিংহামে বার্মিংহাম ফোনিংক্সের বিপক্ষে বল হাতে ৪ ওভারে (২০ বলে) ৫৯ রান দেন। ওভাল ইনভিন্সিবলসের এই বোলার, যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। রশিদের আগে এত দিন রেকর্ডটি দখলে ছিল ৪ ওভারে ৫৩ রান দেওয়া নামিবিয়ার ডেভিড ভিসার।

এমন বেধড়ক পিটুনি খাওয়ার দিনে হেরেছে রশিদের দল ওভার। ১৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বার্মিংহামের শেষ ২৫ বলে রান লাগত ৬১। তখন তাঁর করা ওভারে ৩টি ছক্কা ও ২টি চারে ২৬ রান তোলেন লিয়াম লিভিংস্টোন।

এরপর সমীকরণটা সহজ হয়ে যায় বার্মিংহামের জন্য। শেষ পর্যন্ত দলটি জেতে ৯৮ বল খেলে, মানে ২ বল বাকি থাকতে। ২০ বল করে রশিদ বাউন্ডারিই হজম করেন ১০টিতে। ৪টি চারের সঙ্গে ছক্কা হজম করেন ৬টি।

আর ২৭ বলে অপরাজিত ৬৯ রান করে কাল ম্যাচসেরা হন লিভিংস্টোন। টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদের বিপক্ষে সবচেয়ে বেশি রান লিভিংস্টোনেরই। এখন পর্যন্ত ১০২ বল খেলে রশিদের বিপক্ষে ২০০ রান করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান।  রশিদের বিপক্ষে তাঁর স্ট্রাইক রেট ১৯৬, এটিও সর্বোচ্চ। অবশ্য সর্বশেষ দুই ম্যাচে রশিদ ভালো করেছিলেন। নিয়েছিলেন ৬ উইকেট। তবে এরপরই ফিরে আসল খারাপ সময়।

Exit mobile version