ইউরোপা লিগের শেষ ম্যাচ হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন লিভারপুল

শেষটা ভালো হয়নি লিভারপুলের। বৃহষ্পতিবার রাতে ইউরোপা লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সেন্ট গিলোইসের কাছে হেরে গেছে তারা। ১-২ গোলে হার তাদের। অবশ্য এতে অল রেডদের কোনো সমস্যা হয়নি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা নক আউট পর্বে পৌঁছেছে।

ছয় খেলা থেকে লিভারপুলের সংগ্রহ ১২ পয়েন্ট। ‘ই’ গ্রুপ থেকে তারা সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে। অন্যদিকে শেষ ম্যাচে জয় সত্ত্বেও বেলজিক ক্লাবটি নক আউটে যেতে পারেনি। তবে তৃতীয় হয়ে ইউরোপা কনফারেন্স লিগের প্লে অফে জায়গা করে নিয়েছে।

নিজেদের মাঠের খেলায় ম্যাচের শুরু থেকেই দারুণ মুন্সিয়ানা দেখিয়েছে ইউনিয়ন সেন্ট গিলোইস ক্লাব। তারই সুবাদে ৩২তম মিনিটে মোহামেদ আমোউরার গোলে তারা এগিয়ে যায়। অবশ্য বেশিক্ষণ তারা এ ব্যবধান ধরে রাখতে পারেনি।

সাত মিনিট পরেই জারেল কোয়ানশাহ’র গোলে লিভারপুল ম্যাচে সমতা ফেরায়। ২০ বছর বয়সী জারেল কর্নার কিক থেকে পাওয়া বলে জোরালো শটে স্বাগতিক দলের গোলরক্ষককে পরাস্ত করেন। সিনিয়র দলের হয়ে জারেলের এটা প্রথম গোল।

স্বাগতিক ক্লাব ইউনিয়ন সেন্ট গিলোইসও আবার গোল করতে মোটেও সময় নেয়নি। লিভারপুলের হাসি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ক্যামেরন পুয়েরটাস। বিরতির আগেই তিনি গোল করে স্বাগতিক দলকে এগিয়ে নেন। বিরতরি পরও গোল করেছিলেন পুয়েরটাস। কিন্তু তার গোলটি ভিএআর দেখে রেফারি বাতিল করে দেন।

আগামী রোববার লিভারপুল ঘরোয়া লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে। এ ম্যাচের জন্য দলের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন তিনি। গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে যে দলটা খেলেছিল সে দরে নয়টি পরিবর্তন এনে এ ম্যাচের দল সাজিয়েছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

Exit mobile version