এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। গোপালগঞ্জে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে অস্কার ব্রুজেনের দল। জোড়া গোল করেছেন দরিয়েলতন গোমেজ। অন্য গোলটি রবসন রোবিনহোর।
স্কোরশিট দেখে মনে হতে পারে বসুন্ধরা কিংস সহজ জয় পেয়েছে। অবশ্য আগের তিন ম্যাচে কিংস সহজে জিতেছে। কিন্তু এদিনটা ছিল ব্যতিক্রম। গোল পেতে যথেষ্ঠ ঘাম ঝড়াতে হয়েছে। কেননা শুরু থেকেই প্রতিরোধ গড়ে শেখ জামাল। আক্রমণে যাওয়ার খুব একটা চেষ্টা করেনি জামাল। তবে তাদের প্রধান লক্ষ্যে তারা ছিল সফল। গোল আগলে রাখাই ছিল তাদের প্রধান লক্ষ্য। প্রথমার্ধে রক্ষণ আগলে রেখে কিংসকে সেভাবে সুযোগ দেয়নি। যদিও রোবিনহো-দরিয়েলতনরা চেষ্টা অব্যাহত রাখে কিন্তু গোল করতে পারেনি।
একটা পর্যায়ে ম্যাচ গোলশূন্য ড্র হতে যাচ্ছে এমনটা বিশ্বাসস করতে শুরু করেছিল উভয় দল। ৭৯ মিনিট পর্যন্ত বসুন্ধরা কিংসকে ঠেকিয়ে রেখেছিল জামাল। শেষ পর্যন্ত অবশ্য হার মানতে হয় তাদের। ৭৯ মিনিটে প্রথম গোল উৎসব করে বসুন্ধরা কিংস। এরপর আক্রমণে ঝড় তুলে পেয়ে যায় আরো দুই গোল। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ৩ পয়েন্ট নিয়ে আটে নেমে গেছে শেখ জামাল।
দিনের অন্য ম্যাচে, রাজশাহীতে ফর্টিস এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রহমতগঞ্জ। ২২ মিনিটে জাসুর জুমায়েভের গোলে এগিয়ে যায় ফর্টিস। ৩১ মিনিটে দাওদা সিসের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। ৭২ মিনিটে সফল স্পট কিকে রহমতগঞ্জের ব্যবধান বাড়ান আর্নেস্ট বোয়াটেং। তবে ১০ মিনিট পর পেনাল্টি পায় ফর্টিস। স্পট কিকে বল জালে পাঠিয়ে ফর্টিসের হার এড়ান ওমর বাবু। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রহমতগঞ্জ এবং সমান পয়েন্ট নিয়ে সাতে ফর্টিস।
