দেখতে দেখতে শেষ হয়ে এল আরো একটি বছর। আলোচনা-সমালোচনার মধ্যে দিয়ে বিদায় নিচ্ছে ২০২৩। ফুটবল মাঠে গেলো এক বছরে ঘটেছে নানান ঘটনা। বিশ্ব ফুটবলে অনেক চড়াই-উৎরাইয়ের দেখা মিলেছে এ বছর। সব মিলিয়ে ফুটবলাঙ্গন অনেকটাই ছিলো তাঁর আপন মহিমায়। ২০২৩ সাল ফুটবলপ্রেমীদের উপহার দিয়েছে রুদ্ধশ্বাস সব মুহূর্ত। বর্ষপরিক্রমার এই আয়োজনে ক্যালেন্ডারের পাতা উল্টে স্মৃতির ভেলায় ভেসে এক নজরে দেখে নেয়া যাক ২০২৩ এর ফুটবল বিশ্বের আলোচিত সব ঘটনা।
লিওনেল মেসির রেকর্ড অষ্টম ব্যালন জয়, অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ১২০০ ম্যাচ অথবা চলতি বছরে সর্বোচ্চ গোলদাতার খেতাব। গেল দেড় দশকের মতো ২০২৩ পঞ্জিকা এই দুজনকে আরো একবার অমরত্ব উপহার দিয়েছে।
ইতিহাসের অন্যতম সেরা এই দুই ফুটবলার এই বছরেই বিদায় জানিয়েছেন ইউরোপিয়ান ফুটবলকে। একজন পাড়ি জমিয়েছেন মার্কিন মুলুকে, অন্যজন সৌদি আরব। তাতে অনেকটাই রঙ হারিয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। টাকার ঝনঝনানির সামনে ইউরোপিয়ানদের অসহায়ত্বটা এবছর বেশ স্পষ্ট হয়েছে বিশ্ব ফুটবলে।
তবে একেবারেই ভিন্ন মেজাজে ক্লাব ফুটবলে বছরটা নিজেদের করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। সম্ভাব্য যা জেতা যায় তাঁর সবই জিতেছে পেপ গার্দিওলার দল। নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ট্রেবল জেতা দলটা সুযোগ পেয়েছিলো ক্লাব বিশ্বকাপে খেলার। সেখানে তারা বাজিমাত করেছে। ব্রাজিলের ফ্লুমিনেন্সকে হারিয়ে জিতে নিয়েছে বিশ্বসেরার খেতাব।
গত সেপ্টেম্বরে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলে ফুটবলের রাজা পেলেকে (৭৭) ছাড়িয়ে শীর্ষে ওঠেন নেইমার (৭৯) । পিএসজির জার্সিতে চোট পেয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন ফুটবলের রাজপুত্র। ফিরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আবারো চোট পান এই ব্রাজিলীয় সুপারস্টার। তাতে করে শেষ হয় তাঁর কোপা আমেরিকায় খেলার স্বপ্নও।
বিশ্বকাপের শিরোপা জিততে যেখানে স্প্যানিশ ছেলেদের বিশ্বকাপ খেলতে হয়েছে ১৩ বার, সেখানে চলতি বছর তৃতীয়বার বিশ্বকাপ খেলতে এসেই শিরোপায় চুমু খেয়েছেন স্পেনের মেয়েরা।
তবে সব চুমু যে স্বস্তির নয় তাও শিখিয়েছে ২০২৩ সাল। কখনো কখনো একটা চুমুই হতে পারে সব হারানোর কারণ। মেয়েদের প্রথম বিশ্বকাপ জয়ের পর হারমোসাকে চুমু দিয়ে পদ হারিয়েছেন স্পেন ফুটবল ফেডারেশনের ততকালীন সভাপতি লুইস রুবিয়ালেস, খেয়েছেন মামলাও।
উয়েফাকে চ্যালেঞ্জ জানিয়ে ইউরোপিয়ান সুপার লিগের জন্মটাও হয়েছে এবছরেই।
মাঠ ও মাঠের বাইরে বাংলাদেশের ফুটবলেও ঘটনাবহুল একটি বছর কেটেছে। ১৪ বছর পর সাফের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। প্রথম বাংলাদেশি হিসেবে লাতিন আমেরিকার লিগে খেলছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
টানা চারবার লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। অন্যদিকে ১৪ বছর পর ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। দুর্নীতির দায়ে এক বছরের নিষেধাজ্ঞার মুখে পড়েছে বিকেএসপি।
নানা নাটকীয়তার মধ্যে জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটুর আর্বিভাব হয় নারী ফুটবলে। টিটুর অধীনে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নেয়। বিশ্বচ্যাম্পিয়ন জাপানের গ্রুপে পড়ে অভিজ্ঞতা সঞ্চয় করেন বাংলাদেশের মেয়েরা।
জাতীয় দলের মতো সাবিনাদের ঘরোয়া ফুটবলেও হয়েছে অম্ল-মধুর অভিজ্ঞতা। নারী ফুটবলের ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের ঘোষণা দিয়েও বাস্তবায়ন না হওয়ায় অনেক ক্ষোভ তাঁদের।
বয়সভিত্তিক সাফ ফুটবলেও লাল-সবুজের পতাকা উড়িয়েছে নারীরা। নেপালকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা তৃতীয়বারের মতো জয় করেছে বাংলাদেশ।
তবে সকল সাফল্য-ব্যর্থতা ছাপিয়ে মোরসালিন,তপু,জিকোদের মদ কান্ডে শাস্তি পাওয়ার ঘটনা ছিলো ২০২৩ সালে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে আলোচিত বিষয়।
