ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রতিযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার নতুন উদ্যোগ হিসেবে টুর্নামেন্টে প্রতি দলে একজন করে বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবছে বিসিবি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা।
আগামী ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এবারের এনসিএল। এর আগেও এনসিএলে বিদেশি ক্রিকেটাররা খেলার সুযোগ পেতেন। যা দেশের ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়। এ বিষয়ে বিসিবির সেই কর্তা বলেন, ‘এনসিএলে যেন প্রতি দলে একজন বিদেশি খেলোয়াড় খেলতে পারে সেজন্য আমরা বোর্ডের অনুমোদন নেওয়ার পরিকল্পনায় আছি।’
এছাড়া তিনি বলেন, ‘আগে এটা হতো, কিন্তু এখন অনেক দিন ধরে হচ্ছে না। আমরা এখন এনসিএলে ঘাসের উইকেটেও খেলি। সেক্ষেত্রে যদি কোনো বিদেশি পেসার থাকে, তাহলে সেটি আমাদের দেশীয় ব্যাটারদের জন্য উপকারী হবে। কারণ তারা লম্বা সময় ধরে ভালো মানের বোলারদের বিপক্ষে খেলা ও অনুশীলনের সুযোগ পাবে।’
তবে বিসিবির সামনে মূল চ্যালেঞ্জ- খেলার সময়ে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া। কারণ একই সময়ে ভারতে রঞ্জি ট্রফি ও পাকিস্তানে কায়েদ-ই-আজম ট্রফির মতো টুর্নামেন্টও অনুষ্ঠিত হয়। ফলে সেখান থেকে ভালো ক্রিকেটার আসার সম্ভাবনা কম। এ বিষয়ে সেই কর্তা বলেন, ‘আমাদের হয়তো অন্য দেশের দিকেও তাকাতে হতে পারে।’
