কিলিয়ান এমবাপ্পের ক্লাব বদল নিয়ে আবার ফুটবলাঙ্গন সরগরম। তবে ঠিক বিপরীত অবস্থায় প্যারিস সেন্ট জার্মেইয়ের কোচ লুইস এনরিকে। এ ব্যাপারে মুখে কুলুপ এটেছেন তিনি। কোনোরকম মন্তব্য করতে রাজি নন এই স্প্যানিয়ার্ড।
গত বৃহষ্পতিবার ইএসপিএন জানায়, মৌসুম শেষ হওয়ার পর কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে যাবেন। চুক্তির মেয়ার শেষ হওয়ার পর আর পিএসজিতে থাকতে চান না তিনি। সূত্রটি একই সঙ্গে জানায়, এমবাপ্পেকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদ উন্মুখ হয়ে আছে। এ ব্যাপারে শুক্রবার লুইস এনরিকের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ’না, আমি এ ব্যাপারে কিছু বলবো না।’
সাংবাদিকরা এরপরে জানতে চান, এমবাপ্পের এমন ঘোষণার পর বাকি মৌসুমে দলের প্রতি তার প্রতিশ্রুতি নিয়ে উদ্বিগ্ন কিনা? এ ব্যাপারেও লুইস এনরিকে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়টা আলোচনার জন্য এটি উপযুক্ত জায়গা নয়। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। এসব বিষয়ে যারা জড়িত তাদের পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি। কিলিয়ান এমবাপ্পেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। যখন উভয় পক্ষ বিষয়টি নিয়ে কথা বলবে তখন আমি আমার মতামত জানাবো।
এরপরও সাংবাদিকদের প্রশ্ন শেষ হয়নি। এমবাপ্পের ক্লাব ছাড়ার সংবাদ প্রকাশ হওয়ার পর সকালে অনুশীলনে পরিবেশ কেমন ছিল- এমন প্রশ্নের জবাবে এনরিকে বলেন, অন্য যে কোনো ম্যাচের মতই ছিল। স্বাভাবিক প্রস্তুতি যেমন হয় তেমনই ছিল।
