এমবাপ্পের রেকর্ড গোলে পিএসজির জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

চ্যাম্পিয়ন্স লিগে সুস্থ কিলিয়ান এমবাপ্পেকে পেতে ঘরোয়া লিগে বিশ্রামে রেখেছিলেন কোচ লুইস এনেরিকে। প্যারিস সেন্ট জার্মেইয়ের কোচের পরিকল্পনা বৃথা যায়নি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে এমবাপ্পে গোল করেছেন। তার গোলে নিজেদের মাঠের খেলায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে পিএসজি। অন্য গোলটি করেছেন ব্রাডলে বার্কোলি। দুটো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

এ গোলের মধ্য দিয়ে এমবাপ্পে একটা কীর্তিও গড়েছেন। প্রথম খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে টানা দশ ম্যাচে গোল করার কীর্তি গড়েন।

রিয়াল সোসিয়েদাদ এ ম্যাচের আগ পর্যন্ত অপরাজিত দল ছিল। গ্রুপ পর্বে কোনো ম্যাচে তারা হারেনি। ফলে পিএসজি আগে থেকে সতর্ক ছিল।

৫৮ মিনিটে স্কোরশিটে নাম তোলেন এমবাপ্পে। অথচ এর আগে এমবাপ্পে খুব একটা সুবিধা করতে পারছিলেন না। রিয়াল সোসিয়েদাদের রক্ষণভাগ তাকে খুব কড়া পাহারায় রেখেছিল। কিন্তু কর্নার থেকে উড়ে আসা বলে ঠিকই লক্ষ্যভেদ করেন এমবাপ্পে।

৭০ মিনিটে লুইস এনরিকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পান। এ সময়ে পিএসজি দ্বিতীয় গোল পায়। এ গোলের জন্য সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রেমিরো নিজেকে ক্ষমা করতে পারবেন না। বার্কোলা তার দুই পায়ের মাঝ দিয়ে বল জালে জড়ান।

গোলশূন্য অবস্থায় বিরতিতে যাওয়ায় পিএসজি নিজেদের ভাগ্যবান মনে করতে পারে। বিরতির আগে ভাগ্য বিরূপ হওয়ায় গোল পায়নি সোসিয়েদাদ। এ সময়ে সোসিয়েদাদ অধিনায়ক মিকেল মেরিনোর বুলেট গতির শট পিএসজি’র ক্রসবার কাঁপিয়ে দিয়েছিল। সে সঙ্গে পিএসজির কোচ ও সমর্থকদেরও।

আগামী ৫ মার্চ ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচটা নিজেদের মাঠে খেললেও সোসিয়েদাদের জন্য কঠিন হয়ে দেখা দেবে। কেননা দুই গোল পিছিয়ে থাকা অবস্থায় তাদের শুরু করতে হবে।

Exit mobile version