এশিয়া কাপের আগেই স্বরুপে ফিরল পাকিস্তান। এশিয়া কাপের আগেই চ্যাম্পিয়ন পাকিস্তান । দুর্দান্ত পারফরম্যান্সে আফগানদের গুঁড়িয়ে শিরোপা জিতল দলটি। ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতে এখন এশিয়া কাপে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা। পাকিস্তানের নায়ক মোহাম্মদ নাওয়াজ।
দেশটির তৃতীয় বোলার হিসেবে এই সংস্করণে হ্যাটট্রিক করেছেন তিনি। চার ওভারে একটি মেডেনে ১৯ রানে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার। তার আগে ব্যাট হাতে ২ ছক্কায় খেলেছেন ২১ বলে ২৫ রানের ইনিংস।
এ নিয়ে পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি প্রথমবার। ৫ রানে ৩ উইকেট ছিল তার আগের সেরা বোলিং। আর তাতে টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার তেতো অভিজ্ঞতা হলো আফগানিস্তানের।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৬ রান তাদের সর্বনিম্ন। বোলিংয়ে পাকিস্তানের সুর বেঁধে দেন পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারে রাহমানউল্লাহ গুরবাজকে বিদায় করে দেন তিনি। পরের ৯ উইকেটের সবকটি নেন স্পিনাররা।
পঞ্চম ওভারে লেগ স্পিনার আবরার আহমেদের শিকার সেদিকউল্লাহ আটাল। পরের ওভারে প্রথমবার বোলিংয়ে এসে শেষ দুই বলে দারভিশ রাসুলি ও আজমাতউল্লাহ ওমারজাইকে ফিরিয়ে দেন নাওয়াজ। নিজের পরের ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ওই ওভারে কোনো রান না দিয়ে কারিম জানাতের উইকেটও নেন নাওয়াজ।
অষ্টম ওভারে ৩২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তানের জন্য এরপর অপেক্ষা ছিল কেবল অলআউট হওয়ার। ১০ বলে ৩ রান করে বিদায় নেন মোহাম্মাদ নাবি। নিজের শেষ ওভারে রাশিদ খানকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন নাওয়াজ।
এর আগে ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচের তৃতীয় বলে শূন্য রানে বিদায় নেন সাহিবজাদা ফারহান। দ্বিতীয় উইকেটে ৪৯ রানের জুটিতে দলকে এগিয়ে নেন সাইম আইয়ুব ও ফখার জামান। কিন্তু এ জুটি ভাঙার পর ধস নামে পাকিস্তানের ব্যাটিংয়ে। ১ উইকেটে ৪৯ থেকে তাদের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৭২।
সাইম ১৯ বলে করেন ১৭ রান, ফাখার ২৬ বলে ২৭। হাসান নাওয়াজ ও মোহাম্মদ হারিসের দ্রুত বিদায়ের পর সালমান ২৭ বলে ২৪ রান করে। আর মোহাম্মদ নাওয়াজ ২১ বলে ২৫ রান করেন। ফাহিম আশরাফের ৮ বলে ১৫ । ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান তোলে পাকিস্তান। শেষ পর্যন্ত পাকিস্তান জয় তুলে নেয় ৭৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৪১/৮
আফগানিস্তান: ১৫.৫ ওভারে ৬৬/১০
ফল: পাকিস্তান ৭৫ রানে জিতে চ্যাম্পিয়ন
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ নাওয়াজ
ম্যান অব দা সিরিজ: মোহাম্মদ নাওয়াজ
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















