ক্রিকেট ভক্তদের জন্য বড় সুখবর! সংঘাত থামার পর বরফ গলতে শুরু করেছে পাক-ভারত সস্পর্কের! আর তাতেই শঙ্কা উড়িয়ে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের শ্রেষ্ঠের লড়াই। এক কথায়, এশিয়া কাপ ২০২৫ নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর তেমনই। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানায়, জমজমাট টুর্নামেন্টটি শুরু হতে পারে আগামী ৫ সেপ্টেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২১ সেপ্টেম্বর। টুর্নামেন্টের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হলেও ম্যাচগুলো হবে আরব আমিরাতে।
এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় হলো ভারত–পাকিস্তান ম্যাচ। দুই দেশের সম্পর্ক উত্তপ্ত হওয়ায় এ ম্যাচের আকর্ষণ আরও বেড়েছে। ভারত–পাকিস্তান ম্যাচ হতে পারে আগামী ৭ সেপ্টেম্বর, জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আর এবারের আসর হবে টি-টোয়েন্টি সংস্করণে। গ্রুপ পর্ব থেকে শীর্ষ দলগুলো উঠবে ‘সুপার ফোরে। আর সুপার ফোরের সেরা দুই দল খেলবে ফাইনাল। তার মানে ভারত ও পাকিস্তান কমপক্ষে দুবার মুখোমুখি হবে। দুই দলের দ্বিতীয় ম্যাচটি হতে পারে আগামী ১৪ সেপ্টেম্বর।
এবারের টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও আরব আমিরাত। টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রতিটি দেশ নিজ নিজ সরকারের কাছ থেকে অংশগ্রহণের ছাড়পত্র নেওয়ার চেষ্টায় আছে।
এদিকে ভারতের আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপের সূচি দ্রুত চূড়ান্ত করার অনুরোধ জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে। সম্ভাব্য রাজস্ব ক্ষতির আশঙ্কায় মিডিয়া স্বত্বধারী ও স্পনসরদের উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে এ চিঠিতে। ফলে স্পনসর ও এসিসি দুই পক্ষই বিসিসিআইকে এ সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সূচি প্রকাশের আহ্বান জানিয়েছে।
