জয় দিয়ে এশিয়া কাপ শুরু টাইগারদের। হংকংয়ের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। হংকংয়ের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দলকে উড়ন্ত শুরু এনে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্রিজে, ১৪ বলে ১৯ রানের মাথায় আয়ুশ শুকলার বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
এরপর তানজিদ তামিমকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন লিটন। এরপর তবে দলীয় ৪৭ রানের মাথায় ফিরে যান তামিমও ১৮ বলে ১৪ রান করে। তখন কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ দল, যদিও সাময়িক সেই চাপ সামলে দেন লিটন এবং তাওহীদ হৃদয়। এই দুই ব্যাটার মিলেই দলকে জয়ের বন্দরে নোঙর করাতে থাকেন।
এক সময় দুই জন তুলে নেন ৫০ রানের জুটিও, যদিও কিছুটা ধীরগতিতেই এগোতে থাকেন দুই ব্যাটার। তবে অধিনায়ক লিটন তুলে নেন ৩৩ বলে নিজের অর্ধশতক। জয়ের জন্য দলের প্রয়োজন ছিল তখন মোটে ১৪ রান। হৃদয়ও দারুণ সঙ্গ দিতে থাকেন লিটনকে। তবে দলের জয় থেকে ২ রান দূরে থাকা অবস্থায় ৫৯ রানেই ফিরে যান টাইগার অধিনায়ক। পরে হৃদয়ের অর্ধশতকের আগেই ১৪ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয়ে যায়। হৃদয় অপরাজিত থাকেন ৩৫ রানে।
এর আগে আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করতে নেমে শুরু থেকে হংকংকে চাপে রেখেছিল টাইগার বোলাররা। দলের খাতায় ৩০ রান যোগ করতে ২ উইকেট হারায় তারা। বাংলাদেশকে প্রথম উইকেটটি এনে দেন তাসকিন আহমেদ। ৫ বলে ৪ রান করে টাইগার পেসারের অফ স্টাম্পের বাইরের লেংথ বলে কট বিহাইন্ড হন আনশুমান রাথ।
আম্পায়ার যদিও শুরুতে সাড়া দেননি, রিভিউ নিয়ে উইকেটটি আদায় করে নেয় বাংলাদেশ। এরপর দারুণ এক ডেলিভারিতে ১২ বলে ১৪ রান করা বাবর হায়াতকে বোল্ড করেন পেসার তানজিম হাসান সাকিব। তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে হংকং। জিশান আলী ও নিজাকাত খানের ৪১ রানের জুটি শেষমেশ ভাঙেন তানজিম সাকিব। তার বাউন্সার জায়গা নিয়ে তুলে মারতে গিয়ে মিডউইকেটে মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেন ওপেনার জিশান।
৩৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩০ রানে থামে তার ইনিংস। চতুর্থ উইকেটে নিজাকাত ও ইয়াসিম মুর্তজা হতাশায় ভোগান টাইগার বোলারদের। অনেক চেষ্টা করেও উইকেটের দেখা মিলছিল না। শেষমেশ ১৮তম ওভারে গিয়ে ভুল বোঝাবুঝিতে ভাঙে হংকংয়ের চতুর্থ জুটি। ১৯ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ২৮ রান করে রান আউট হন মুর্তজা। ততক্ষণে তারা দলের সংগ্রহ শতরান পার করে দেন।
অন্যদিকে ৪০ বলে ২ চার ও ১ ছক্কায় ৪২ রান করে ১৯তম ওভারের পঞ্চম বলে রিশাদ হোসেনের শিকার হন নিজাকাত। পরের বলেই ক্রিজে নেমে টাইগার রিস্ট স্পিনারের বলে এলবিডব্লিউ হন কিঞ্চিৎ শাহ। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে হংকংয়ের ইনিংস। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন, তানজিম সাকিব ও রিশাদ।
সংক্ষিপ্ত স্কোর:
হংকং: ২০ ওভারে ১৪৩/৭
বাংলাদেশ: ১৭.৪ ওভারে ১৪৪/৩
বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
