এশিয়া কাপের আগে বল হাতে দারুণ ছন্দে আছেন পেসার তাসকিন আহমেদ। বেশ কিছু দিন চোট কাটিয়ে পাকিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলে যোগ দিয়েছিলেন এই তারকা পেসার। নেদারল্যান্ডসকে হারানোর দিনে ম্যাচ সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন।
মাত্র ৪ ওভারে ২৮ রানে একাই নেন ৪ উইকেট! ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, সিরিজের প্রথম ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে জিততে পেরেছি। কন্ডিশনটা বেশ ভালো ছিল, উইকেট ছিল ব্যাটিং-ফ্রেন্ডলি। তবে ডিউ ফ্যাক্টরের কারণে বোলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে প্রতিপক্ষকে তুলনামূলক কম স্কোরে থামাতে পেরেছি।’
এছাড়া সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটের প্রশংসা করে তিনি বলেন, ‘উইকেটটা স্পোর্টিং ছিল, আমার কাছে মনে হয়েছে এটাই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা ব্যাটিং ট্র্যাক। একটু চ্যালেঞ্জিং হলেও পুরোটা আমি উপভোগ করেছি।’
এশিয়া কাপকে সামনে রেখেও তেমন কিছু হতে পারে বলে জানান তিনি, ‘আমাদের ফিজিও এবং ট্রেনাররা সবসময় বোলারদের লোড মনিটর করছেন, ওয়ার্কলোড বেশি হচ্ছে নাকি কম-তা খেয়াল রাখছেন। আলহামদুলিল্লাহ, যদি ফিট থাকি এবং সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে হয়তো আর এই রোটেশন প্রয়োজন নাও হতে পারে।’
এশিয়া কাপ নিয়ে তাসকিনের, ‘গত কয়েক সপ্তাহে অনেক পরিশ্রম করেছি, ট্রেনিংসহ সবকিছু মিলিয়ে রিদমটা ধীরে ধীরে উন্নত হচ্ছে। আমার মনে হয় এখনও অনেকটা পথ বাকি আছে, আল্লাহ যদি সুস্থ রাখেন আরও ভালো হবে ইনশাআল্লাহ। সেটা নিয়েই কাজ করছি। উইকেট পাওয়ার বিষয়টা আসলে রিদমের সঙ্গে সম্পর্কিত। এই প্রক্রিয়াটাই ফলো করে যাচ্ছি যাতে সামনে আরও ভালো করতে পারি।’
