এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিং কোচ পাচ্ছে টাইগাররা

টি-২০ ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের বিকল্প নেই! এই ফরম্যাটে পাওয়ার হিটিংয়ের দুর্বলতায় ভুগছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ উঠে এসেছেন, যারা বড় শট খেলতে পারেন। চলতি বছর সর্বোচ্চ ছক্কা মারা খেলোয়াড়দের অন্যতম তানজিদ হাসান তামিম-পারভেজ হোসেন ইমন। তবে, জাতীয় দলের ক্রিকেটারদের আরও স্কিলপূর্ণ করে তুলতে দলের সঙ্গে পাওয়ার হিটিং কোচ যুক্ত করার পরিকল্পনা করেছে বিসিবি।

বিশ্ববিখ্যাত পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উড আগামী আগস্টে বাংলাদেশ দলে যুক্ত হতে পারেন। সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এশিয়া কাপের আসর, সেই টুর্নামেন্টকে সামনে রেখে টাইগারদের শট খেলার পরিসর বাড়াতে সহায়তা করার জন্য এই ইংলিশ পাওয়ার হিটিং কোচকে আনছে বিসিবি।

বিসিবির একটি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ক্রিকবাজ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবে এবারের এশিয়া কাপ, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। জাতীয় দলের ক্রিকেটাররা আগামী ৬ আগস্ট থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ প্রস্তুতি ক্যাম্প শুরু করবেন।

এই ইংলিশ কোচ ক্যাম্প শুরু হওয়ার আগেই ঢাকায় পৌঁছাতে পারেন এবং তিন সপ্তাহের জন্য খেলোয়াড়দের দীক্ষা দেবেন। শনিবার ক্রিকবাজকে (২৬ জুলাই) এই তথ্য নিশ্চিত করে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করছি উনি ক্যাম্প শুরুর আগেই চলে আসবেন।’

তিনি বলেন, ‘হ্যাঁ, আমি সিমোর (ফিল সিমন্স) সঙ্গে কথা বলেছি। মূলত আগস্টে তিন সপ্তাহের জন্য যাচ্ছি। এটুকু জেনেছি, যদিও এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভবত হবে। আপনারা নিশ্চয়ই বিসিবির সঙ্গে কথা বলছেন।’

তিনি আরও বলেন, ‘আগস্টেই, হ্যাঁ (ঢাকায় পৌঁছাব), এশিয়া কাপের আগে। এশিয়া কাপের পর থাকব কি না জানি না, সেটা বিসিবির উপর নির্ভর করছে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ওখানে (বাংলাদেশ) অনেক প্রতিভা আছে। বরাবরই ছিল। সাদা বলের ক্রিকেটে বল স্ট্রাইকিং এখন একটা বড় অংশ হয়ে গেছে।’ জানা গেছে, এর আগে হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে কাজ করা ডেভিড স্কটকে এ পদে নিয়োগ দেওয়া হতে পারে।

Exit mobile version