রংপুরে বর্ণিল আয়োজনে উন্মোচিত হলো জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো। রোববার (২৭ জুলাই) বিকেলে রংপুর স্টেডিয়ামে এ লোগো উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এই টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা।
লোগো উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। চব্বিশের চেতনাকে ধারণ করে জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার (২৮ জুলাই) থেকে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।’
এই আয়োজনে রংপুর জেলার আটটি উপজেলার ফুটবল দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিকেল ৪টায় মুখোমুখি হবে রংপুর সদর উপজেলা বনাম কাউনিয়া উপজেলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, ক্রীড়া সংগঠক মঞ্জুর আহমেদ আজাদসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যরা।
এই টুর্নামেন্ট রংপুরের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশা করছেন আয়োজকরা। একইসঙ্গে স্থানীয় ফুটবলারদের আত্মপ্রকাশের বড় সুযোগ হয়ে উঠবে এই আয়োজন।
