ওয়াইড বলে অদ্ভুত হিট উইকেট!

ওয়াইড বলে অদ্ভুত হিট উইকেট!

ওয়াইড বলে অদ্ভুত হিট উইকেট!

ক্রিকেটে হিট উইকেট আউট খুব বিরল কিছু নয়! আন্তর্জাতিক ক্রিকেটে মাঝেমধ্যেই দেখা যায়। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে তো হরহামেশাই হয়ে থাকে এই আউট। কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অদ্ভুত আউটের শিকার হলেন অভিজ্ঞ ব্যাটসম্যান শেই হোপ।

ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান হিট উইকেট হয়েছেন ওয়াইড ডেলিভারিতে! গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ২৯ বলে ৩৯ রান করে তিনি এভাবেই আউট জন ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে গায়ানার ইনিংসের পঞ্চদশ ওভারের প্রথম ডেলিভারি সেটি।

মিডিয়াম পেসার টেরেন্স হাইন্ডস চেষ্টা করেন অফ স্টাম্পের বাইরে স্লোয়ার ডেলিভারি করার। কিন্তু কিছুটা গড়বড় করে ফেলেন তিনি। শর্ট স্লোয়ার ডেলিভারিটি অফ স্টাম্পের অনেক বাইরে ওয়াইডের দাগের বেশ বাইরে চলে যায়। হোপ সেদিকেই পা বাড়িয়ে রিভার্স র‌্যাম্প খেলার চেষ্টা করেন। কিন্তু এত বাইরের বলে নাগাল পাননি। কিন্তু তার ব্যাট নাগাল পেয়ে যায় স্টাম্পের। অনেক বাইরের বল তাড়া করার চেষ্টায় ব্যাট সুইং নিয়ন্ত্রণে ছিল না তার। ক্রিজের অনেক গভীরেও ছিলেন। ব্যাট ছোবল দেয় স্টাম্পে।

হোপ যখন হতাশ হয়ে ফিরছেন, আম্পায়ার তখন দুই হাত প্রসারিত করে ওয়াইডের সঙ্কেত দিচ্ছেন! হোপের ওই আউট টি-টোয়েন্টি ক্রিকেটে ১৭০তম হিট উইকেট। এর মধ্যে ৪০টি আউট ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অবশ্য হিট উইকেট হওয়া মাত্র চতুর্থ ব্যাটসম্যান হোপ।

Exit mobile version