ধারাবাহিক ব্যর্থতায় আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ পিছিয়ে দশে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল। সবশেষ সোমবার (৪ মে) নিজেদের ওয়েবসাইটে হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি।
গত এক দশক ধরে বিশ্বক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা ওয়ানডে ফরম্যাট। গত কয়েক বছরে এই ফরম্যাটে বেশকিছু সাফল্য পেয়েছে টাইগাররা। কিন্তু ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটেও অধঃপতন ঘটেছে শান্তদের। সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার তারই প্রতিফলন দেখা গেল র্যাঙ্কিংয়ে।
আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। ৮০ রেটিং পয়েন্ট থেকে ৭৬-এ নেমেছে টাইগাররা। বাংলাদেশ পেছানোয় এগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে এখন নয়ে ক্যারিবীয়রা। আটে থাকা ইংল্যান্ড উইন্ডিজের চেয়ে কেবল ১ রেটিং পয়েন্টে এগিয়ে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন শীর্ষে রয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে রেটিং পয়েন্টও বেড়ে ১২২ থেকে ১২৪ হয়েছে। ওয়ানডেতে পেছালেও টেস্ট এবং টি-টোয়েন্টিতে আগের মতোই নবম স্থানে আছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্স-আপ নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে তারা। চতুর্থ অবস্থানে আছে শ্রীলঙ্কা। তবে লঙ্কানরা এগোনোয় পিছিয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে পাঁচ এবং ছয়ে আছে দল দুটি। গত কয়েক বছর ধরে ধারাবাহিকতা দেখিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আফগানিস্তানও। রেটিং পয়েন্ট চার বাড়িয়ে এই ফরম্যাটে এখন সপ্তম অবস্থানে উঠে গেছে আফগানরা।
