কাতারের দোহায় আজ এএফসি চ্যালেঞ্জ লিগে সিরিয়ার আল কারমাহর বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। তবে ম্যাচের আগ মুহূর্তে বড় ধাক্কা খেলো কিংস। ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের কিংসের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও, ইরাকের ডুহক স্পোর্টস ক্লাব সামাজিক মাধ্যমে তার চুক্তির ছবি প্রকাশ করেছে।
প্রায় দেড় সপ্তাহ আগে কিংস সভাপতি ইমরুল হাসান নিশ্চিত করেছিলেন ফারিয়াস কাতারে এসে দলের দায়িত্ব নেবেন। কিন্তু ইরাকি ক্লাবের ঘোষণায় পুরো পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। কাতারে অবস্থানরত কিংস কর্মকর্তারা, কোচিং স্টাফ এমনকি ফুটবলাররাও যোগাযোগে সাড়া দেননি। সভাপতির কাছ থেকেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হেড কোচ থাকা বাধ্যতামূলক হলেও, কিংসের মিডিয়া বিভাগ কেবল অধিনায়ক তপু বর্মণের বক্তব্য পাঠিয়েছে।
এএফসির নিয়ম অনুযায়ী হেড কোচের প্রো-লাইসেন্স থাকতে হয়। কিংসের স্থানীয় কোচ মাহবুব হোসেন রক্সি ও সৈয়দ গোলাম জিলানীর এ লাইসেন্স থাকলেও তারা হেড কোচ হতে পারবেন না। ফলে জরিমানার ঝুঁকি তৈরি হয়েছে।
দলটি দুই দিন আগে কাতারে পৌঁছে অনুশীলন করেছে। বিদেশি ফুটবলার কিউবা মিচেল সময়মতো যোগ দিলেও, ব্রাজিলিয়ান কোচকে কোনো ছবি বা ভিডিওতে দেখা যায়নি।
অধিনায়ক তপু বর্মণ বলেন, “আমরা ঢাকাতে দুই সপ্তাহের মতো অনুশীলন করেছি। ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ ক্লাব ও দেশের জন্য। সবাই সিরিয়াস এবং জয়ের জন্য এসেছি। আশা করি ভালো রেজাল্ট হবে।” কাতারের গরম আবহাওয়া নিয়েও তিনি জানান, “আমরা ৪০ ডিগ্রির বেশিতে অনুশীলন করেছি। পেশাদার খেলোয়াড় হিসেবে সব পরিবেশে মানিয়ে নিতে হয়। আমরা প্রস্তুতি নিচ্ছি।”
কোচ ছাড়াই কিংস মাঠে নামবে কি না, সেটিই এখন কাতারের গরমের মতোই উত্তপ্ত আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
