কিংসের খেলোয়াড় ছাড়া নিয়ে দ্বন্দ্ব, বাফুফের জরুরি সভা

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালের কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে। কিন্তু ম্যাচের প্রস্তুতিতে শুরুতেই ধাক্কা খেয়েছে দল। বসুন্ধরা কিংস জাতীয় দলে ডাক পাওয়া তাদের ১০ ফুটবলারকে ছাড়েনি। ফলে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা মাত্র ১৪ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন চালাচ্ছেন।

এই পরিস্থিতিতে বাফুফের জাতীয় দল কমিটি আজ জরুরি সভায় বসে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান, যিনি বসুন্ধরা কিংসেরও সভাপতি, আজকের বৈঠকে সশরীরে বা অনলাইন কোনো মাধ্যমে অংশ নেননি। ঘণ্টাব্যাপী বৈঠকে কিংসকে খেলোয়াড় ছাড়ার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, “আমাদের সহকর্মী ইমরুল ভাই, ক্লাবের ম্যানেজারকে আমরা ফোনে পাইনি। আমরা বসুন্ধরা কিংসকে দেশের ফুটবলের স্বার্থে আজ রাতে কিংবা আগামীকাল সকালে জাতীয় দলে খেলোয়াড় দ্রুততম সময়ের মধ্যে ছাড়ার জন্য অনুরোধ করব। চিঠির কি উত্তর আসে এর প্রেক্ষিতে আবার ৩-৪ দিন পর আবার আমরা জাতীয় দল কমিটির জরুরি সভায় বসব।”

কিংসের পক্ষ থেকে ইতোমধ্যেই বাফুফে সাধারণ সম্পাদককে দেওয়া চিঠিতে জানানো হয়েছে, প্রাক মৌসুমের প্রস্তুতি এবং খেলোয়াড়দের ইনজুরি ঝুঁকি এড়াতে তারা জাতীয় দলে খেলোয়াড় ছাড়তে চাইছে না।

তবে এ অবস্থান কতদিন টিকবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও নেপালের ম্যাচ বাতিলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, “এই ৩-৪ দিন অনুশীলন চলবে। আমরা আশাবাদী ইতিবাচক কিছু হওয়ার। এরপরও প্রয়োজনে আমরা আবার মিটিং করব।”

উল্লেখ্য, ফিফার নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচের কমপক্ষে ৭২ ঘণ্টা আগে ক্লাবগুলো জাতীয় দলে খেলোয়াড় ছাড়তে বাধ্য। অথচ কিংসের খেলোয়াড় ছাড়ার অনীহা আবারও ক্লাব বনাম জাতীয় দলের সম্পর্ককে সামনে এনে দিয়েছে। এদিকে আগামীকাল জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল।

Exit mobile version