বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়া যেন সাধারণ ঘটনা! ঢাকা লিগের আরেকটি মৌসুম প্রায় চলে এলো। কিন্তু এখনও ২০২৪ মৌসুমের পারিশ্রমিক পাননি ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। ক্লাবের কয়েকজন ক্রিকেটার বুধবার মিরপুর স্টেডিয়ামে আসেন বকেয়া পারিশ্রমিক নিয়ে সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যে।
তবে নিজেদের মধ্যে আলোচনার পর তারা সংবাদ সম্মেলন না করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি প্রাঙ্গণে সাতজন খেলোয়াড় জড়ো হয়ে সাংবাদিকদের সামনে কথা বলার আগে নিজেদের মধ্যে আলাপ সারেন।
তাদের মধ্যে ছিলেন সোহাগ গাজী, সুমন খানরা। তবে হঠাৎ পরিকল্পনা বদলে যায়। ক্লাব কর্তৃপক্ষ যোগাযোগ করে তাদের সংবাদ সম্মেলন না করার অনুরোধ জানায়। তবে এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক ক্রিকেটার বলেন, ‘আমরা পরিকল্পনা করেছিলাম মিডিয়ার সামনে আমাদের অবস্থা তুলে ধরব। কিন্তু ক্লাব আমাদের কাছে আরও এক সপ্তাহ সময় চেয়েছে বকেয়া পরিশোধের জন্য। আমরা ভেবেছি, এই সময়টা দেওয়া উচিত। তারা যদি অনুরোধ না করত, আমরা আজই কথা বলতাম।’
এদিকে ক্রিকেটারদের মধ্যে কয়েকজন বিসিবির সঙ্গেও কথা বলেছেন। তবে এখনো বিসিবিতে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা। খেলোয়াড়দের অভিযোগ, ২০২৪ মৌসুমের ডিপিএলের পারিশ্রমিকের জন্য তারা কয়েক মাস ধরে অপেক্ষা করছেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা না মেলে, তাহলে আগামী সপ্তাহে তারা সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।
