এনসিএলে খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন!

গত বছর প্রথমবারের মতো টি-টোয়েন্টি সংস্করণে আয়োজন হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সিলেটে অনুষ্ঠিত সেই টুর্নামেন্ট ভালো সাড়া জাগিয়েছিল এবং সফলভাবেই শেষ করেছিল বিসিবি।

সবকিছু ঠিক থাকলে আসছে ১৫ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় আসর। এবার আগের চেয়ে বড় পরিসরে তিন ভেন্যুতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। আর টুর্নামেন্ট শুরুর আগে আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের ফিটনেস টেস্ট।

প্রস্তুতির অংশ হিসেবে প্রতিটি দলই ইতোমধ্যে স্কোয়াড গোছাতে ব্যস্ত। খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান জাতীয় দলের সঙ্গে এশিয়া কাপে থাকায় এবার খেলতে পারবেন না। তাই নেতৃত্ব নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে বিসিবির সূত্রে জানা গেছে, এবার খুলনার অধিনায়ক হবেন অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুন।

খুলনার দলে আরও থাকছেন এনামুল হক বিজয়, সৌম্য সরকার, জিয়াউর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোহাম্মদ হালিম ও শেখ পারভেজ জীবন। তবে পেসার আল-আমিন হোসেন এই ফরম্যাটে অংশ নিচ্ছেন না। ইমরুল কায়েসও থাকছেন না স্কোয়াডে। অন্যদিকে দুই তরুণ পেসার আশিকুর রহমান ও অভিষেক দাস ফিট থাকলে খেলবেন। আর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের অংশগ্রহণ নিয়ে এখনো নিশ্চিত তথ্য মেলেনি।

আসন্ন আসর ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা। দেখা যাক, মিঠুনের নেতৃত্বে খুলনা এবার কতটা এগিয়ে যেতে পারে।

Exit mobile version