চারশ পেরিয়ে রানের পাহাড় গড়ার পথে শ্রীলঙ্কা

সিলেট টেস্টে বড় জয়ের পর চট্টগ্রাম টেস্টেও দারুণ ব্যাট করছে শ্রীলঙ্কা। রোববার টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চ বিরতিতে চারশ পেরিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৪১১ রান। ধনাঞ্জয়া ডি সিলভা ৭০ ও কুশল মেন্ডিস ১৭ রান নিয়ে এখনও অপরাজিত আছেন।

এর আগে প্রথম দিন শেষ পর্যন্ত ৪ উইকেটে ৩১৪ রান নিয়ে দ্বিতীয় দিন সকালে ব্যাটিং শুরু করে সফরকারীরা। ব্যাটিংয়ে নেমে দিনের প্রথম সেশনে কেবল একটি উইকেট হারায় তারা। বাংলাদেশের বোলাররা কেবল দিনেশ চান্ডিমালের উইকেট তুলে নেয়। দলীয় ৩৭৫ রানের মাথায় সাকিব আল হাসানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেয়ার আগে তুলে নেন হাফসেঞ্চুরি। আগের দিন ৩৪ রানে অপরাজিত থাকা চান্ডিমাল থামেন ৫৯ রানে।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে সফরকারীরা। এই টেস্টে বাংলাদেশের হয়ে সাদা জার্সিতে অভিষিক্ত হন পেসার হাসান মাহমুদ। এছাড়াও দীর্ঘদিন পর দলে ফেরেন সাকিব আল হাসান।

Exit mobile version