চীনকে ঝুলিয়ে রাখলো কাতার

এশিয়ান কাপ ফুটবল

একটা সময় চীনের ফুটবল প্রতিবেশী অর্থাৎ এশিয়ান দলগুলোর জন্য আতঙ্ক ছিল। সেই সময়টা এখন অতীতই বলা যায়। দেশটির ফুটবল এখন নখদন্তহীন। তাইতো এশিয়ান কাপ ফুটবলের গ্রুপ পর্বে তিন ম্যাচের কোনটাতেই জয়ের দেখা পায়নি তারা। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দেশটি কাতারের কাছে ১-০ গোলে হেরেছে।

এই হারের ফলে তাদের নক আউট পর্বে খেলার সম্ভাবনা ঝুলে পড়েছে। সেরা তৃতীয় দলের একটি হয়ে নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনায় আটকে রয়েছে তারা।

চীন তিন ম্যাচের দুটোতে ড্র করেছে, একটাতে হেরেছে। সবচেয়ে বড় বিষয় তিন ম্যাচে তারা একটা গোলেরও দেখা পায়নি। এমন পারফরম্যান্সের পর চীনের কোচ ইয়ানকোভিচনের ভবিষ্যতটা অনিশ্চিত হয়ে পড়েছে। তবে রক্ষণভাগটা চীন বেশ ভালোভাবেই জমাট করে রেখেছে। তাইতো তিন ম্যাচের প্রতিপক্ষরা মাত্র একবারই গোলের দেখা পেয়েছে।

তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে কাতার এখন ‘এ’ গ্রুপের শীর্ষে। ৪ পয়েন্ট তাজিকিস্তান দ্বিতীয় স্থানে। চীনের পয়েন্ট দুই। লেবাননের পয়েন্ট ১।

এদিনের অন্য ম্যাচে তাজিকিস্তান ২-১ গোলে হারিয়েছে লেবাননকে। দুর্ভাগ্য বলা যায় লেবাননের। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল তারা। কিন্তু শেষ ১০ মিনিটে তাজিকিস্তান জোড়া গোল করে লেবাননকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে।

Exit mobile version