চোট নিয়ে ছিটকে গেলেন সেবাইয়োস

স্প্যানিশ ফুটবল

স্প্যানিশ ফুটবলে দুর্ভাগ্য সঙ্গী হলো দানি সেবাইয়োসের। চলতি মৌসুমে প্রথমবার শুরুর একাদশে নেমেই গুরুতর চোটে পড়লেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। তাতে মাঠের বাইরে ছিটকে গেলেন লম্বা সময়ের জন্য।

রিয়ালের হয়ে চলতি মৌসুমে খেলা পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে সুযোগ পান সেবাইয়োস। সবশেষ রেয়াল বেতিসের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে সেবাইয়োসকে শুরুর একাদশে রাখেন আনচেলত্তি। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

পরীক্ষা-নিরীক্ষা শেষে রেয়াল সোমবার জানায়, ডান পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে ২৮ বছর বয়সী সেবাইয়োসের। লিগামেন্টেও চোট পেয়েছেন তিনি। চোট কাটিয়ে উঠতে কতদিন সময় লাগতে পারে, সে বিষয়ে কিছু জানায়নি রেয়াল। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সেবাইয়োসকে।

২০২৩-২৪ মৌসুমে রেয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ খেলেন সেবাইয়োস। সব মিলিয়ে ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে ১৫০ ম্যাচ খেলা স্প্যানিশ মিডফিল্ডারের নামের পাশে ৭ গোলের সঙ্গে অ্যাসিস্ট আছে ১৪টি।

Exit mobile version