আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জমজমাট আসর। ইতোমধ্যে দলগুলো তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে। পিছিয়ে নেই টিম বাংলাদেশ। মিরপুরে সকাল থেকে রাত পর্যন্ত চলেছে কঠোর অনুশীলন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে বুধবারও মিরপুরে অনুশীলন করে টাইগাররা।
তার আগেই পুরো দল কোচিং স্টাফসহ আইসিসির ফটোসেশন সেরেছে। দুপুরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মূল মাঠে ফটোসেশন হয়। সেখানে বিসিবির সভাপতি থেকে শুরু করে উপস্থিত ছিলেন সকল ক্রিকেটাররা। ফটোসেশনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ছাড়াও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। পরে উড়াল দিবে দুবাইয়ের উদ্দেশে। সেখানে গিয়ে ১৭ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আর বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে দুবাইয়ে।
ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা। পরের ম্যাচ ধরতে দল আসবে পাকিস্তানে। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের।
