জন্মদিন থেকে বিতর্কে যাত্রা, লামিন ইয়ামালের পার্টি নিয়ে তদন্তে স্প্যানিশ সরকার

বয়সের মাইলফলক উদযাপন করতে গিয়েই বড় বিতর্কে জড়ালেন বার্সেলোনার উঠতি তারকা লামিন ইয়ামাল। ১৮তম জন্মদিন উপলক্ষে বিলাসবহুল পার্টির আয়োজন করেছিলেন এই তরুণ তারকা, আর সেই উৎসব ঘিরেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। এমনকি স্প্যানিশ সরকারও এই ইস্যুতে তদন্তের দাবি তুলেছে

কাতালুনিয়ার অলিভেলা শহরের একটি প্রাসাদসম বাড়ি ভাড়া নিয়ে সপ্তাহান্তে প্রায় ২০০ অতিথিকে নিয়ে জন্মদিন উদযাপন করেন ইয়ামাল। কিন্তু অনুষ্ঠানে বিনোদনের ধরন নিয়ে উঠেছে বিতর্ক। স্থানীয় গণমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, বিতর্কিত বিনোদনের কারণে ইয়ামালের বিরুদ্ধে ১০ লাখ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।

বিশেষ করে, পার্টিতে বেঁটে মানুষদের বিনোদনের জন্য ভাড়া করা এবং নির্দিষ্ট শারীরিক গড়নের ১২ জন নারীকে উপস্থিত থাকার জন্য অর্থ দেওয়ার অভিযোগ সামনে এসেছে। স্প্যানিশ মডেল এবং সাবেক ‘মিস টিন ইউরোপ’ ক্লডিয়া কালভো টেলিভিশনে দাবি করেছেন, তাকেও ১০ হাজার থেকে ২০ হাজার ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছিল পার্টিতে অংশ নিতে। কিন্তু অস্বাভাবিক শর্ত দেখে তিনি সরে দাঁড়ান।

কালভো বলেন, ‘আমার কাছে স্ক্রিনশটসহ সব প্রমাণ আছে। আমাকে জানানো হয়েছিল নির্দিষ্ট চেহারার সোনালি চুলের মেয়েদের খোঁজা হচ্ছে এবং তাদের ২৪ ঘণ্টা উপস্থিত থাকতে হবে। কিন্তু তারা কখনোই পরিষ্কার করে বলেনি, ঠিক কী করতে হবে।’

এদিকে, বেঁটে মানুষের সংগঠন (এডিইই) পুরো ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। সংগঠনের সভাপতি ক্যারোলিনা পুয়েন্তে বলেন, ‘এই আধুনিক যুগেও বেঁটে মানুষদের বিনোদনের অংশ হিসেবে ব্যবহার করা অগ্রহণযোগ্য, বিশেষ করে ইয়ামালের মতো জনপ্রিয় কেউ এমন করলে সেটা আরও ভয়াবহ বার্তা দেয়।’

স্প্যানিশ সরকারের প্রতিবন্ধী সেক্টরের মহাপরিচালক জেসুস মার্টিনও এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। তার ভাষায়, ‘সম্পদ ও ক্ষমতাবানদের আইন অমান্য করার প্রবণতা আমাদের চিন্তিত করে তোলে। আইন সকলের জন্য সমান।’

পার্টিটি ছিল ‘মাফিয়া থিমে’র। ইয়ামাল সাদা স্যুট, লাল গোলাপ, সানগ্লাস আর হাতে লাঠি নিয়ে হাজির হয়েছিলেন। ডমিনিকান র‍্যাপার এল আলফার দেওয়া ৩ লাখ ইউরোর হীরার চেইন পরে হাজির হয়েছিলেন ইয়ামাল।

যদিও পার্টিতে ফোন নিষিদ্ধ ছিল, তবুও কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে যায়। নিজের ইনস্টাগ্রামেও একটি ভিডিও শেয়ার করেন ইয়ামাল। সেখানেও বার্সেলোনা সতীর্থ গাভি ও বালদের সঙ্গে দেখা যায় তাকে।

তবে সমালোচনার মুখে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি ইয়ামাল বা তার পরিবার।

(এডিইই) -এর কড়া ভাষ্য, ‘জনপ্রিয় কেউ যদি এমন কাজ করেন তবে সেটি সমাজে বৈষম্যকে স্বাভাবিক বলে মেনে নেওয়ার বার্তা দেয়। আমরা আমাদের সম্মান রক্ষায় লড়াই চালিয়ে যাব।’

Exit mobile version