লর্ডসে নায়ক হয়েও ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হলো ইংল্যান্ডের তরুণ স্পিনার শোয়েব বশিরকে। ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে দুর্দান্ত লড়াই করলেও সিরিজের বাকি দুই ম্যাচ আর খেলা হচ্ছে না তার। বাঁ হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, চলতি সপ্তাহেই অস্ত্রোপচার হবে বশিরের। ফলে ২৩ জুলাই শুরু হতে যাওয়া ওল্ড ট্রাফোর্ড টেস্ট এবং শেষ টেস্টে থাকছেন না তিনি।
লর্ডস টেস্টের তৃতীয় দিনে নিজের বলে ডাইভ দিতে গিয়ে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান বশির। এরপরও তিনি মাঠ ছাড়েননি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৯ বল খেলেন তিনি। পরে দলের প্রয়োজনে শেষ দিকে নামেন বল হাতে। আঙুলে স্প্লিন্ট আর মোটা ব্যান্ডেজ বেঁধে ভারতের জাদেজা-সিরাজ জমজমাট জুটি ভেঙে দিয়ে ম্যাচের ফলাফল বদলে দেন। ম্যাচের শেষ উইকেটটি নেন এই তরুণ স্পিনার। সিরাজকে বোল্ড করে ইংল্যান্ডকে নাটকীয় জয় এনে দেন। পেসাররা যখন কোনোভাবেই শেষ উইকেট টা নিতে পারছিলো না তখন দলকে সবথেকে কাঙ্ক্ষিত উইকেটটা এনে দেন তিনি।
ম্যাচ শেষে অধিনায়ক বেন স্টোকস শোয়েব বশিরের সাহস আর নিবেদন নিয়ে বলেন, “ওর হাত ভাঙা ছিল, তবু দৌড়েছে, ফিল্ডিং করেছে, উইকেট নিয়েছে। ওর মধ্যে দলের প্রতি যে ভালোবাসা দেখেছি, তাতে আমি গর্বিত।”
স্টোকস আরও বলেন, “২১ বছর বয়সী একটা ছেলে ভাঙা আঙুল নিয়ে ব্যাট করতে নামে, বোলিং করে—এই দৃশ্য পুরো দলের মনোবল বাড়িয়েছে। এমন নিবেদন ক্রিকেটে খুব কম দেখা যায়।”
বশিরের জায়গায় স্কোয়াডে ডাক পেতে পারেন জ্যাক লিচ বা লিয়াম ডসন। আগামী কয়েক দিনের মধ্যেই ইংল্যান্ড দল নতুন স্কোয়াড ঘোষণা করবে।
লর্ডসে ঐতিহাসিক জয়ের পর পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এগিয়ে আছে ইংল্যান্ড। ২৩ জুলাই শুরু হচ্ছে ওল্ড ট্রাফোর্ড টেস্ট, যেখানে ভারত চাইবে ঘুরে দাঁড়াতে আর ইংল্যান্ড চাইবে সিরিজ নিশ্চিত করতে।
