জয় দিয়ে জাপান সফর শুরু করলো বিকেএসপি অ-১৭ ফুটবল দল

জাপানের ফুকুওয়ায় আমন্ত্রণমূলক অ-১৭ ফুটবল ফেস্টিভ্যালে দারুণ সূচনা করেছে বিকেএসপি অ-১৭ দল। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে গ্লোবাল অ্যারেনা মাঠে টকাই বিশ্ববিদ্যালয় হাই স্কুলকে ১-০ গোলে হারায় বাংলাদেশের এই দল। ম্যাচের ৭০ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন রিফাত কাজী।

প্রথমার্ধে বিকেএসপি কিছুটা রক্ষণাত্মক কৌশলে খেললেও বিরতির পর আক্রমণাত্মক মেজাজে নামে। সুযোগ সৃষ্টি করে শেষ পর্যন্ত গোলও আদায় করে নেয় তারা। গোলদাতা রিফাত কাজী ম্যাচের নায়ক হলেও গোলরক্ষক আলিফ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচটি প্রীতি হলেও জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা কিশোর ফুটবলারদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন। বিকেএসপির ফুটবল কোচ হাসান আল মাসুদ জাপান থেকে জানান, “খেলোয়াড়রা দারুণ লড়াই করেছে। প্রতিপক্ষ ছিল শক্তিশালী, কিন্তু ছেলেরা শেষ পর্যন্ত লড়াই করে জয় পেয়েছে।”

আজকের জয়টি ছিল কোচ মাসুদের জন্য বিশেষ। কারণ, আজই তার জন্মদিন। খেলোয়াড়রা এই জয়কে কোচের জন্মদিনের উপহার হিসেবে উৎসর্গ করেছে। হাসান আল মাসুদ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সহকারী কোচ হাসান আল মামুনের ভাই।

বিকেএসপি সাধারণত ভারতীয় সুব্রত কাপে দল পাঠালেও এবার প্রথমবারের মতো জাপানে খেলছে। উন্নত পরিবেশে খেলার মাধ্যমে ফুটবলারদের দক্ষতা বৃদ্ধিই এই সফরের মূল লক্ষ্য। তিনটি ম্যাচ খেলবে বিকেএসপি দল, যার মধ্যে আজকের জয় দিয়ে শুরু করেছে তারা। আগামীকাল দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে এই কিশোর ফুটবলাররা, জয়ের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা নিয়ে।

Exit mobile version