সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক নুরুল হাসান সোহানের পর সেঞ্চুরি পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনও। ফলে জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের যুবাদের বিপক্ষে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪৪ রান তুলেছে বাংলাদেশ ‘এ’ দল।
অবশ্য দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের শুরুতে ব্যক্তিগত ৮ রানের মাথায় ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর দলের হাল ধরেন এনামুল হক বিজয় এবং নাঈম শেখ। দু’জন মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। ব্যক্তিগত ৪০ রানে ফিরে গেছেন নাঈম, এরপর ৩৯ রানে সতীর্থের পথ ধরেন বিজয়ও।
এরপর দলকে টানতে থাকেন অধিনায়ক নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন। সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশের পুঁজিও বাড়তে থাকে। পরবর্তীতে দুই জনই তুলে নেন সেঞ্চুরি। সোহান শতক হাঁকিয়ে ব্যক্তিগত ১১২ রানে ফিরলে ভেঙে যায় ২২৫ রানের জুটি। তখনো ব্যাট হাতে লড়েন অঙ্কন।
ইনিংসের শেষ ওভারে অঙ্কন ১০৫ রান করে বিদায় নেন। এরপর মোসাদ্দেক হোসেনের ১৩ রানে ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৩৪৪ রান। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট সংগ্রহ করেন ক্রিস্টিয়ান ক্লার্ক।
