এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরে শ্রীলংকার মুখোমুখি হয়েছে টাইগাররা। টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্বে ৩ ম্যাচের দুটি জিতে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে তিন জয়ে সুপার ফোর নিশ্চিত করে শ্রীলঙ্কা। ফলে এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে ওঠা এবং প্রথমবারের মত শিরোপা জয়ে সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের।
ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই পর্বে দুই পয়েন্ট কম নিয়ে খেলতে নামবে টাইগাররা। গত দুই মাসে চারবার শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সঙ্গত কারণেই সাম্প্রতিক সময়ে লংকানদের সর্ম্পকে ভাল ধারণা আছে টাইগারদের।
মাত্র দুই মাস আগে শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। কিন্তু এবারের আসরে গ্রুপ পর্বে এই শ্রীলংকার কাছেই ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২১ ম্যাচের মোকাবেলায় বাংলাদেশ জিতেছে ৮টি, শ্রীলংকা ১৩টি।
এশিয়া কাপে ১৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে লংকানদের জয় ১৫টিতে এবং হার তিনটিতে। তবে এশিয়া কাপে টি-টোয়েন্টিতে সংস্করণে বাংলাদেশের বিপক্ষে তিনবারের মোকাবেলায় দু’বার জয় ও একবার হেরেছে লংকানরা।
সংক্ষিপ্ত ভার্সনে প্রথমবার অনুষ্ঠিত ২০১৬ এশিয়া কাপ শ্রীলংকার বিপক্ষে ২৩ রানে জিতেছিল বাংলাদেশ। ২০২২ সালে এশিয়ার কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে দুই উইকেটে হারিয়ে প্রতিশোধ নিয়েছিল লংকানরা। আসরে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল লংকানরা।
আফগানিস্তানকে হারানো একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে নামছে লিটন দাসের দল।
একাদশে জায়গা হারিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও মিডল অর্ডার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। একাদশে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম ও অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
আফগানিস্তানকে হারানো একাদশে কোনো পরিবর্তন আনেনি শ্রীলঙ্কা। বাবার মৃত্যুতে দেশে গিয়ে ফের দলে যোগ দেওয়া দুনিথ ওয়াল্লালাগে টিকে গেছেন দলে। আফগানিস্তানের বিপক্ষে খরুচে শেষ ওভারের পরও তার উপর আস্থা রেখেছে গত আসরের রানার্সআপরা।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিল মিশারা, কুসাল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, দুশমান্থা চামিরা, নুয়ান থুসারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















