নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলায় ম্যাচটি শুরু দুপুর ২টায়।
এর আগে চট্টগ্রামে প্রথম ম্যাচে দাপটে জয় পেয়েছে বাংলাদেশ। তবে চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিতে জিতেছে বৃষ্টি। আজ শনিবার মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে!
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিসহ ঠাণ্ডা আবহাওয়ার ছোঁয়া লেগেছে। আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত ওয়েবসাইট আকুওয়েদার জানাচ্ছে, ২ মে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা ৯০%। এছাড়া বজ্রপাতের সম্ভাবনা আছে ৫৪%। এছাড়া দেড় ঘণ্টা ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তাপমাত্র সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে ২৫% এ আসবে যদিও।
এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পিঠে চোট পাওয়া তানজিম হাসানের জায়গায় পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনকে একাদশে ফিরিয়েছে স্বাগতিকরা। নিজের ছাপ ফেলার আরেকটা সুযোগ পাচ্ছেন রিপন মণ্ডল। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া আব্দুল গাফ্ফার সাকলাইনের অভিষেকের জন্য অপেক্ষা দীর্ঘ হল।
অন্যদিকে ড্রয়ে সিরিজ শেষ করার লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে নিউ জিল্যান্ড। বাদ পড়েছেন ম্যাথু ফিশার ও বেন লিস্টার। দলে ফিরেছেন জেডেন লেনক্স ও বেন সিয়ার্স। প্রথম ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় ফিশারের। নিজের শেষ ওভারের শেষ বল করতে গিয়ে তালগোল পাকিয়ে ভীষণ খরুচে হয়ে যান তিনি। এরই মাশুল দিলেন বাদ পড়ে।
বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, রিপন মন্ডল।
নিউজিল্যান্ড একাদশ: কাটেনে ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, জশ ক্লার্কসন, ন্যাথান স্মিথ, ইশ সোধি, জেডেন লেনক্স, বেন সিয়ার্স।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














