ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও এমন কিছু যে হতে যাচ্ছে, সেটি অনুমিতই ছিল। আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর পাকিস্তানের কাছে প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরেছে লিটন দাসের দল। টানা দুই সিরিজ হারের পর আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৯ থেকে ১০–এ নেমে গেছে বাংলাদেশ।
এর আগে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদের পর ওয়ানডেতেও দেশ নেমে যায় বাংলাদেশ। টেস্টেও অবস্থা ভালো নয়, বাংলাদেশ আছে নবম স্থানে।
টানা চারটি টি-টোয়েন্টিতে হারার পর বাংলাদেশ পয়েন্ট খুইয়েছে ৫টি। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০। তাতে আগের মতোই ২২৩ পয়েন্ট নিয়েই বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড।
টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এখন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে। দলটির রেটিং ২৭১। এছাড়া ২৬২ রেটিং নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। এ ছাড়া শীর্ষ পাঁচে আছে ইংল্যান্ড ২৫৪। নিউজিল্যান্ড ২৪৯ ও ওয়েস্ট ইন্ডিজ ২৪৬। ছয় ও সাতে দক্ষিণ আফ্রিকা ২৪৫ ও শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতা পাকিস্তান আছে আগের মতোই আটে।
তবে রেটিং পয়েন্ট বেড়েছে দলটির। পাকিস্তানের পয়েন্ট ২২৯। এর আগে বাংলাদেশ চমকে দিয়ে সিরিজ জেতা সংযুক্ত আরব আমিরাত আছে ১৫ নম্বরে। ৪ রেটিং পয়েন্ট বেড়েছে দলটির পয়েন্ট এখন ১৮৩।
বাংলাদেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ চারে উঠেছিল ২০১২ সালে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ ছাড়িয়ে গিয়েছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের মতো দলকে। সেই সিরিজের পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওপরে ছিল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
