আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবার পুরো সিরিজজুড়ে নিজেদের দাপুটে ফর্মের পুরস্কার পেলেন টাইগাররা।
আজ নিজেদের সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই র্যাংকিংয়ে উপরের দিকে উঠে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়। সাথে অবনতি হয়েছে শান্ত-লিটনের।
সিরিজের প্রথম তিন ম্যাচে মোট ৬ উইকেট নিয়ে ৬ ধাপ এগিয়েছেন তারকা পেসার তাসকিন আহমেদ। তিনি এখন আছেন ক্যারিয়ার সেরা ২৬তম অবস্থানে।
দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে ৬ ধাপ উপরে উঠেছেন স্পিনার শেখ মেহেদী। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২২ নম্বর অবস্থানে আছেন তিনি।
ব্যাটারদের র্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়ের। সিরিজে ১২৭ রান করা হৃদয় এগিয়েছেন ২৬ ধাপ। এখন তাঁর অবস্থান ৯০তম।
ব্যাট হাতে ধারাবাহিকভাবে সাফল্য পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ র্যাংকিংয়ে এগিয়েছেন দুই ধাপ। তাঁর অবস্থান এখন ৯০তম।
বাজে ফর্মের কারণে র্যাংকিংয়ে নিচে নেমে গিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুই ধাপ পিছিয়ে লিটনের অবস্থান ৩১তম। অন্যদিকে শান্তও নেমেছেন দুই ধাপ। তাঁর অবস্থান ৩৪তম।
অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।
