বাংলাদেশ দলের নতুন মিশন: ডট বল কমানোই এখন বড় চ্যালেঞ্জ
সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় মাথাব্যথার কারণ ডট বল। টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে দুই ফরম্যাটেই ডট বলের খেসারত দিচ্ছে বাংলাদেশ। কোচিং স্টাফের সদস্যরা বলেছেন, এখানে উন্নতির তাড়নার কথা। তবে, খুব একটা বদলাচ্ছে না চিত্র। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি বলই গুরুত্বপূর্ণ। এই সংস্করণে এক-দুই নিয়ে রানের চাকা সচল রাখতে না পারায় প্রায়ই ভুগতে হয় দলকে। বোলাররা অল্প রানে প্রতিপক্ষকে আটকে রাখলেও ব্যাটিং ব্যর্থতায় হারতে হচ্ছে ম্যাচ।
১২০ বলের এই সংস্করণে ব্যাটারদের ডট বল খেলাটা রীতিমতো অন্যায়ের পর্যায়ে পড়ে! অথচ বাংলাদেশি ব্যাটাররা এই ডট বলের সংখ্যা কিছুতেই কমাতে পারছেন না। পাওয়ার হিটিং শিখতে গিয়ে ভুলে গেছে সিঙ্গেল-ডাবলও। স্ট্রাইক রোটেটে মারাত্মক পিছিয়ে পড়ছে টাইগার ব্যাটাররা।
জুলিয়ান উড
বাংলাদেশে কাজ করে গেছেন জুলিয়ান উড। এই সময়ে লিটন, হৃদয় জাকেরদের পাওয়ার হিটিং শিখিয়েছেন তিনি। মেয়েদের দলের সঙ্গেও ছোট্ট একটি সেশন করেছেন এই কোচ। জুলিয়ান উড বিশ্বের বিভিন্ন লিগে এবং বিশ্বজুড়ে অনেক ক্রিকেটারের সঙ্গে ব্যক্তিগতভাবেও কাজ করেছেন পাওয়ার হিটিং নিয়ে।
তার হাত ধরেই বাংলাদেশের ক্রিকেটাররা পরিচিত হয় বিশ্বমানের আধুনিক প্রশিক্ষণ যন্ত্র ও পদ্ধতির সঙ্গে। এরই অংশ হিসেবে আলোচনায় উঠে আসে ‘প্রো-ভেলোসিটি ব্যাট’। যা বর্তমানে ক্রিকেটারদের ব্যাটিং উন্নয়নে একটি যুগান্তকারী অনুশীলন উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
প্রো-ভেলোসিটি ব্যাট কোনো সাধারণ ব্যাট নয়। দেখতে অনেকটা ভারী রড বা বিশেষ ধাতব ব্যাটের মতো। এটি মূলত একটি ট্রেনিং টুল। যার প্রধান কাজ ব্যাটারের ব্যাটিং মেকানিক, ব্যাট স্পিড, হ্যান্ড-আই কো-অর্ডিনেশন এবং শক্তি বাড়ানো। ব্যাটটির ব্যারেল বা মূল অংশ স্লাইড করার মতো তৈরি, যেখানে লাগানো থাকে ৮টি রেজিস্ট্যান্স ব্যান্ড। ফলে ব্যাট চালানো ক্রমেই কঠিন হয়। যার ফলে ব্যাটারকে জোর, স্পষ্টতা এবং নিখুঁত মুভমেন্টের মাধ্যমে শট অনুশীলন করতে হয়।
টাইগার ক্রিকেটারাও জুলিয়ান উড এই ব্যাটের সাহায্যে ‘শ্যাডো শট’ প্র্যাকটিস করেছেন। এতকিছু পরেও টাইগার ব্যাটাররা মাঠে কোন প্রতিফলন ঘটাতে পারেনি। চার-ছক্কা তো দূরের কথা, অনেক সময় বল থেকে সিঙ্গল বের করতে পারছেন না।
বিশ্লেষকরা বলছেন–মাঠে রানের জন্য গ্যাপ খোঁজার দিকে মনযোগ দিতে হবে। এতে ডট বলের সংখ্যা অনেকাংশে কমে আসবে। বাড়বে ইনিংসের ধারাবাহিকতা আর দলের স্কোরবোর্ডও।
