ডাম্বুলার বিদেশী আইকন হিসেবে লঙ্কান লীগে খেলবেন মোস্তাফিজ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ১ জুলাই থেকে মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। ফাইনালের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে ২১ জুলাই। টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। যার জন্য নাম লিখিয়েছেন ২৪ দেশের ৫০০ এর বেশি ক্রিকেটার।

তবে নিলামের আগেই বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে নিজেদের দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স। তাঁকে তাঁরা কিনেছে বিদেশি আইকন হিসেবে।

মোস্তাফিজ ছাড়াও এবারের আসরের নিলামের জন্য বাংলাদেশ থেকে নাম লিখিয়েছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদ।

সম্প্রতি ডাম্বুলা থান্ডার্স দলটিকে কিনে নিয়েছে বাংলাদেশি কোম্পানি ‘ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ’। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তাঁরা। ডাম্বুলার ফেসবুক পেজে তাঁরা লিখেছে, ‘বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজকে পরিচয় করিয়ে দিতে পেরে ডাম্বুলা থান্ডার্স গর্বিত। গর্জন করতে প্রস্তুত থাকো থান্ডার্স ভক্তরা!’

Exit mobile version