হার দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর পর ঢাকা নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে তামিম ইকবালের ঢাকা মোহামেডান। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারায় ঐতিহ্যবাহী ক্লাবটি।
এদিন রূপগঞ্জ টাইগার্স প্রথমে ব্যাট করতে নেমে ২২২ রান তোলে। জবাবে শুরুটা ভালো হয়নি মোহামেডানের। ওপেনার তামিমকে শুরুতেই হারায় তারা। ১৭ বলে ১৪ রান করে আউট হন এই ওপেনার। এরপর রনি তালুকদার ও মাহিদুল ইসলাম অঙ্কন হাল ধরেন। রনি ৩৬ রানে আউট হলে ৪৭ রানের জুটি ভাঙে তাদের।
আরিফুল যখন বিদায় নেন তখন মোহামেডানের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১০৬ রান। চতুর্থ উইকেটে অঙ্কন ও তাওহীদ হৃদয় মিলে ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৩৭.৫ ওভারে মোহামেডানকে জয়ের বন্দরে নিয়ে যান। অঙ্কন ৯৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। অন্যদিকে হৃদয় ৪৭ বলে ১১ চার ও ১ ছক্কায় ৭৪ রানে অপরাজিত ছিলেন। দায়িত্বশীল ভূমিকায় থেকে দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হন অঙ্কন। বল হাতে রূপগঞ্জের হয়ে ফরহাদ হোসেন, এনামুল হক আশিক ও মাহমুদুল হাসান প্রত্যেকে একটি করে উইকেট নেন।
এর আগে রূপগঞ্জ ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায়। শুরু থেকেই নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট পড়তে থাকে। দলের প্রত্যেকেই শুরুটা ভালো পেয়েছেন, কিন্তু ইনিংসটাকে বড় করতে পারেননি। সর্বোচ্চ ৪১ রান আসে অধিনায়ক আল আমিন জুনিয়রের ব্যাট থেকে। এছাড়া তানভীর হায়দার ৩৭ রান করেন। সবমিলিয়ে রূপগঞ্জ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ২২২ রান।
