বিশ্ব ফুটবলে নেমে এসেছে শোকের কালো ছায়া। লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের ফরোয়ার্ড ডিয়োগো জোটা এবং তার ভাই আন্দ্রে সিলভা একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। স্পেনের জামোরায় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। মাত্র ২৮ বছর বয়সী জোটার অকাল মৃত্যুতে শোকাচ্ছন্ন লিভারপুল, পর্তুগাল ও গোটা ফুটবল মহল।
লিভারপুল ক্লাব এক বিবৃতিতে জানায়, “ডিয়োগো জোটার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার এই অকাল প্রয়াণ আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার পরিবার, বন্ধু এবং ক্লাবের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানাই।”
পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) জানায়, “জোটা ছিলেন একজন অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় এবং মানবিক গুণসম্পন্ন ব্যক্তি। তার হারানো শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও এক বড় শূন্যতা সৃষ্টি করেছে।”
পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো এক শোকবার্তায় বলেন, “আজ পর্তুগাল এক গর্বিত ক্রীড়াবিদকে হারাল। ডিয়োগো ও আন্দ্রের মৃত্যু আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
জোটার সাবেক ক্লাব এফসি পোর্তোও শোক প্রকাশ করেছে। ক্লাবটির বিবৃতিতে বলা হয়, “আমাদের একাডেমির দুই সন্তান ডিয়োগো ও আন্দ্রের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। ফুটবল মাঠে তারা ছিলেন প্রতিশ্রুতিশীল, জীবনে ছিলেন অনুপ্রেরণা।”
বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে জোটার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এক সময়ের উদীয়মান তারকা, যিনি ক্লাব ও দেশের জার্সিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, আজ তার নাম স্মরণীয় হয়ে থাকবে অকাল প্রয়াণের বেদনাতেই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















