পল পগবার ৪ বছরের ডোপিং নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলের প্রেক্ষিতে ৪ বছর থেকে কমে নেমে আসে ১৮ মাসে। এর ফলে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার সুযোগ পেয়েছেন পল পগবা। নিষেধাজ্ঞা থেকে ফিরে মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তিতে সই করে আবেগ আপ্লুত হয়ে পড়েন ফরাসি এই মিডফিল্ডার।
৩২ বছর বয়সী এই তারকা সর্বশেষ জুভেন্টাসের হয়ে খেলেছেন। ২০২৩-২৪ মৌসুমে উদিনেসের বিপক্ষে সিরি আ’র প্রথম ম্যাচের পর র্যান্ডম ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়ায় সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এরপর চার বছরের নিষেধাজ্ঞা পেলেও আপিলের পর সেই শাস্তি কমে ১৮ মাসে নেমে আসে।
চুক্তিতে সই করে পগবা বলেন, ‘বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ।’ নিজের ঘোষণার ভিডিওতে তিনি যোগ করেন ‘লে রেনেসাঁ’ অর্থাৎ ‘পুনর্জাগরণ’, যা দিয়ে নতুনভাবে ক্যারিয়ার শুরুর বার্তা দিয়েছেন তিনি।
গত নভেম্বরেই জুভেন্টাসের সঙ্গে চুক্তি পারস্পরিক সমঝোতায় বাতিল করেছিলেন পগবা। মার্চ থেকে ফ্রি এজেন্ট হিসেবেই ছিলেন তিনি। ক্যারিয়ারে এই প্রথম ফরাসি লিগ ওয়ানে খেলতে যাচ্ছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।
আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (কাস) চূড়ান্ত রায়ে উল্লেখ করা হয়, পগবার শরীরে পাওয়া ডিএইচইএ নামক নিষিদ্ধ উপাদান তিনি বঅনিচ্ছাকৃতভাবে গ্রহণ করেছিলেন। এই পদার্থ সাধারণত পুরুষদের শরীরে কার্যকর হয় না এবং মূলত নারীদের জন্য প্রভাব ফেলে।
ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে এসে জুভেন্টাসে পাড়ি দিয়েছিলেন পগবা। সেখানে টানা চারবার সিরি আ এবং দুইবার ডাবল জিতেছেন। এরপর ২০১৬ সালে রেকর্ড ৮৯ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন এবং প্রথম মৌসুমেই ইউরোপা লিগ ও এফএ কাপ জেতেন। এরপরে আবার ফ্রি এজেন্ট হয়ে ফিরে যান জুভেন্টাসে।
ফ্রান্সের জার্সিতে ৯১টি ম্যাচ খেলে ২০১৮ বিশ্বকাপে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন পগবা, ফাইনালেও গোল করেছিলেন। তবে ক্যারিয়ারের শেষ দিকে ইনজুরি এবং বাজে ফর্মের কারণে ইউনাইটেড ও জুভেন্টাসে খুব একটা আলো ছড়াতে পারেননি।
