বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ছুটি কাটিয়ে আজ মঙ্গলবার ঢাকায় ফিরেছেন। তবে ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি ফেডারেশন কাপ ফাইনাল দেখতে ময়মনসিংহের পথে রওনা হয়েছেন স্প্যানিশ এই কোচ। ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল পৌনে তিনটায়।
আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলে পরের দিন দেশে ফেরে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৭ মার্চ ছুটি কাটাতে নিজ দেশ স্পেনে যান। তিন সপ্তাহের বেশি ছুটি কাটিয়ে আজ তিনি আবারও কাজে যোগদান করলেন। বাংলাদেশের ঘরোয়া ফুটবল ৮ এপ্রিল থেকে শুরু হয়েছে। বসুন্ধরা-আবাহনী, মোহামেডান-বসুন্ধরার মতো গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি স্টেডিয়ামে বসে দেখতে পারনেনি ছুটির জন্য।
সকালে ঢাকায় ফিরে তার হোটেলে যাওয়ার সূচি ছিল। বিমানবন্দর থেকে হোটেলে গিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা হলে খেলা শুরুর আগে স্টেডিয়ামে উপস্থিত হওয়া কঠিন ছিল। রাস্তায় জ্যাম বিবেচনায় হ্যাভিয়ের ক্যাবরেরা হোটেলে না গিয়ে সরাসরি ময়মনসিংহ যাওয়ার সিদ্ধান্ত নেন। তার সঙ্গে রয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন।
