তাইজুলের ফাইফারের দিনে লিডের পাহাড় গড়ল শ্রীলঙ্কা

কলম্বো টেস্টের তৃতীয় দিনে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন যেখানে শেষ করেছিল শ্রীলঙ্কা—২৯০/২ রানে, সেখান থেকেই আজ সকালে স্পিন আক্রমণে ফিরলেন টাইগাররা। আর সেই চেষ্টায় সবচেয়ে উজ্জ্বল নাম ছিল তাইজুল ইসলাম। তবে লঙ্কান ব্যাটারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৪৫৮ রানে থামল স্বাগতিকদের ইনিংস, যা তাদের দিয়েছে ২১১ রানের বড় লিড।

তাইজুল ইসলাম টেস্ট ক্যারিয়ারে ১৭তম বারের মতো ফাইফারের স্বাদ পান। ৩৭ ওভারে ৬৯ রান দিয়ে নেন ৫টি উইকেট। তাঁর সঙ্গী হয়ে স্পিনার নাঈম হাসান নিয়েছেন ৩ উইকেট, আর তরুণ পেসার নাহিদ রানা তুলে নেন ১ উইকেট।

সকালে দ্রুত উইকেট তুলে নেন তাইজুল, ফিরিয়ে দেন ১৫৮ রানে অপরাজিত নিশাঙ্কাকে। এরপর ধনাঞ্জয়া ডি সিলভাকেও মাত্র ৭ রানে থামান তিনি। জয়সুরিয়াকে নাহিদ রানা এবং কামিন্দু মেন্ডিসকে নাইম হাসান ফেরান।

তবে লঙ্কান ইনিংসে সবচেয়ে বড় ইনিংসটি খেলেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা—২৫৪ বলের ইনিংসে ১৯টি চারে ১৫৮ রান। গুরুত্বপূর্ণ অবদান রাখেন কুশল মেন্ডিসও, ৮৪ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি।

৪৫৮ রানে গুটিয়ে যাওয়া শ্রীলঙ্কার ইনিংস বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে নামাবে বিশাল চাপে ফেলে। দ্বিতীয় ইনিংসে এই লিড পেরিয়ে লড়াইয়ে ফিরতে এখন নিজেদের ব্যাটিং দক্ষতার প্রমাণ দিতে হবে শান্তদের।

Exit mobile version