নাটকীয় ম্যাচে ফুলহ্যামকে হারিয়ে লিগ কাপের ফাইনালের পথে এগিয়ে গেল লিভারপুল। বুধবার রাতে নিজেদের মাঠে সেমিফাইনালের প্রথম লেগে পিছিয়ে পড়েও ফুলহামকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল।
আগামী ২৪ জানুয়ারি ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।
ঘরোয়া লিগে উড়ছে লিভারপুল। পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। লিগে এ মৌসুমে এখন পর্যন্ত একটা মাত্র ম্যাচে হেরেছে দলটি, নিজেদের মাঠে নয় প্রতিপক্ষের মাঠে। নিজেদের মাঠে সব ধরণের ম্যাচে এখনো পর্যন্ত অপরাজিত দলটি। সেই তকমা কেড়ে নেওয়ার উপক্রম করেছিল ফুলহ্যাম।
১৯ মিনিটে উইলিয়ানের গোলে পিছিয়ে পড়িছিল লিভারপুল। আর তাতেই দুঃশ্চিন্তায় ইয়ুর্গেন ক্লপের কপালে ভাজের সংখ্যা বেড়ে গিয়েছিল। নয়বারের লিগ কাপ জয়ী দলটি আরো একবার শিরোপা জয়ের যে স্বপ্ন দেখছিল তা নস্যাৎ হওয়ার শঙ্কা জেগেছিল।
ভার্জিল ফন ডাইকের দুর্বলতায় ফুলহাম গোলের সুযোগটি পেয়ে যায়। পোস্টের খুব কাছে পাওয়া সুযোগটি কাজে লাগাতে কোনো ভুল করেননি উইলিয়ান। গোলরক্ষক কোইমহিন কেলেহারের দুই পায়ের মাঝ দিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি। বিরতি পর্যন্ত তারা এই ব্যবধান ধরে রেখেছিল।
বিরতির পর অবশ্য এক ঝটকায় ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় লিভারপুল। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুইবার ফুলহ্যামের জালে বল পাঠায় স্বাগতিক দল।
৬৮ মিনিটে জোনেসের দূর পাল্লার শটে সমতা আনার পর ৭১তম মিনিটে বদলি খেলোয়াড় গাকপো জয়সূচক গোল করেন। এ নিয়ে লিগ কাপের চার ম্যাচেই গোল পেলেন গাকপো।
লিভারপুল অবশ্য এ ম্যাচে তাদের সেরা তারকা মোহাম্মদ সালাহকে পায়নি। আফ্রিকান কাপ অব নেশনসে খেলার জন্য তিনি দেশে ফিরে গেছেন। এছাড়া ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড মাঠে নামতে পারেননি। গত শনিবার এফএ কাপে আর্সেনালের বিপক্ষে খেলার সময় আহত হয়েছিলেন তিনি।
