পাকিস্তানের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যাওয়ায় আগেভাগেই দেশে ফিরতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকা থেকে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টাইগার যুবারা।
দক্ষিণ আফ্রিকার মাটিতেই ২০১৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দল। এবারও সেখানে গিয়েছিলো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি’র জটিল নিয়মের মারপ্যাচের পরও সেমিফাইনালে খেলার সুযোগ ছিলো বাংলাদেশের সামনে।
কিন্তু সুপার সিক্সে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৫ রানের পরাজয়ের কারণে সেমিতে না খেলেই ফিরতে হলো মাহফুজুর রহমান রাব্বির দলকে।
শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়া বাংলাদেশ দল প্রথম ম্যাচে ভারতের কাছে ৮৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয়। পরে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে ৬ উইকেটে, যুক্তরাষ্ট্রকে ১২১ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নেয়।
সেরা ছয় দলের লড়াইয়ে এক নাম্বার গ্রুপে নেপালকে ৫ উইকেটে পরাজিত করে সেমিফাইনালে খেলার সম্ভাবনা ধরে রেখেছিলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়েরে পথেই ছিলো জুনিয়র টাইগাররা। পাকিস্তানকে ১৫৫ রানে অলআউট করে দিয়ে স্বপ্ন দেখছিলো ফাইনালের।
৫০ ওভারের ম্যাচ হলেও বাংলাদেকে সে রান টপকাতে হতো ৩৮ ওভার এক বলের মধ্যেই। কিন্তু ৩৫ ওভার পাঁচ বলে ১৫০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল।
